ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

রানির আমন্ত্রণ সত্ত্বেও আসছেন না হ্যারি-মেগান!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩:০০, ২৭ জুলাই ২০২০
রানির আমন্ত্রণ সত্ত্বেও আসছেন না হ্যারি-মেগান!
ছবি: ব্রিটেনের রানি এলিজাবেথের সঙ্গে মেগান মার্কেল ও প্রিন্স হ্যারি

বালমোরাল প্রাসাদে ব্রিটিশ রাজ পরিবারের সদস্যদের এক মিলন মেলায় যোগ দিতে প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে আমন্ত্রণ পাঠিয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। তবে রানির আমন্ত্রণের পরও তারা সেখানে অনুপস্থিত থাকতে পারেন বলে ধারণা করছেন রাজ পরিবার সংশ্লিষ্টরা।

৯৪ বছর বয়সী রানি মহামারি করোনাভাইরাসের কারণে গত মার্চ মাস থেকেই উইন্ডসোর ক্যাসেলে আইসোলেশনে রয়েছেন। তবে আগামী আগস্ট মাসের শুরুর দিকেই তিনি ৯৯ বছর বয়সী স্বামী প্রিন্স ফিলিপের সঙ্গে স্কটল্যান্ডের বালমোরাল প্যালেস ভ্রমণ করবেন।

এ সময়ে তার সঙ্গে যোগ দেবেন পুত্র প্রিন্স চার্লস, প্রিন্স উইলিয়াম, কেট মিডলটন, প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লোট ও প্রিন্স লুইস। এ মিলন মেলায় যোগ দিতে রাজ পরিবার ছেড়ে যাওয়া ডিউক ও ডাচেস অব ক্যামব্রিজ প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলকে অনুরোধ করা হলেও তারা আসবেন না বলেই ধারণা করা হচ্ছে। এর ফলে হ্যারি ও মেগানের সন্তান প্রিন্স আর্চির সঙ্গে রানির দেখা হওয়ার সম্ভাবনাও ক্ষীণ হয়ে এসেছে।

এ প্রসঙ্গে ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফের সাংবাদিক ও রাজপরিবার বিশেষজ্ঞ ক্যামিলা টোমিনে জানান, বর্তমান পরিস্থিতিতে প্রিন্স হ্যারি ও মেগ্যান মার্কেলের লস অ্যাঞ্জেলেস থেকে স্কটল্যান্ডে আসার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না।

এর আগে গত সেপ্টেম্বরেও বালমোরাল প্রাসাদে সাক্ষাতের জন্য রানির পাঠানো আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান। সে সময়ে চার মাস বয়সী প্রিন্স আর্চি ভ্রমণের জন্য প্রস্তুত নয় বলে কারণ দেখিয়েছিলেন তারা। এ ঘটনায় রানি মর্মাহত হয়েছিলেন বলে রাজপরিবার থেকে জানানো হয়েছিলো। তবে এবারও হ্যারি-মেগান সেখানে উপস্থিত না হলে রাজ পরিবারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য প্রিন্স আর্চি’র সঙ্গে রানির সাক্ষাতের অপেক্ষার প্রহর আরো বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।

সূত্র: ডেইলি মেইল

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!