নতুন আইফোন ১৮ প্রো ম্যাক্সে যতো সমস্যা
টেক জায়ান্ট অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স বাজারে আসার কয়েক সপ্তাহের মধ্যেই কয়েকটি ত্রুটি নিয়ে অভিযোগ উঠেছে। ব্যবহারকারীদের একাংশ ফোনের পেছনের রঙ বদলে যাওয়া, স্পিকারে অস্বাভাবিক শব্দ এবং ফেস আইডি কাজ না করলে ফোন পুনরায় চালু হওয়ার সমস্যার কথা জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্রে এটিঅ্যান্ডটি নেটওয়ার্ক ব্যবহারকারী কিছু আইফোন ১৮ প্রো ম্যাক্সে মোবাইল সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনাও সামনে এসেছে।
প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টমস গাইড জানিয়েছে, ফেস আইডি মুখ শনাক্ত করতে ব্যর্থ হলে কিছু আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্স নিজে থেকেই রিস্টার্ট হওয়ার সমস্যায় পড়েছে। অ্যাপল এ সমস্যার জন্য আইওএস ২৭.০.১ সংস্করণে সমাধান এনেছে। একই হালনাগাদে নির্দিষ্ট আলোতে ২ গুণ জুমে ছবি তোলার সময় কিছু ফোনে রঙের অসংগতি এবং নোটিফিকেশন সেন্টার ও কন্ট্রোল সেন্টার একসঙ্গে খুললে পর্দা সাড়া না দেওয়ার সমস্যাও সমাধানের কথা বলা হয়েছে।
ম্যাকরুমরস-এর ২৯ সেপ্টেম্বরের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের কিছু ব্যবহারকারী স্পিকারে খটখট, টিকটিক বা ফাটার মতো শব্দ শুনেছেন। কল করার সময়, বিভিন্ন অ্যাপ ব্যবহারের সময় কিংবা পর্দার উজ্জ্বলতা দ্রুত পরিবর্তন করলেও কারও কারও ফোনে শব্দটি শোনা গেছে। তবে সমস্যাটির মূল কারণ নিশ্চিত হয়নি। আইওএস ২৭.০.১ হালনাগাদেও এটি ঠিক হয়েছে কি না, তা নিয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
আরও গুরুতর অভিযোগ উঠেছে আইফোন ১৮ প্রো ম্যাক্সের যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি নেটওয়ার্ক সংস্করণ নিয়ে। ম্যাকরুমরস-এর প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল জানিয়েছে, অল্পসংখ্যক ফোনে মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে কল, খুদে বার্তা ও মোবাইল ইন্টারনেট ব্যবহার বন্ধ হয়ে যেতে পারে। আইওএস ২৭.০.১ এবং নেটওয়ার্ক সেটিংসের হালনাগাদ নতুন করে এ সমস্যা দেখা দেওয়ার ঝুঁকি কমাতে পারে। তবে যেসব ফোনে ইতিমধ্যে সমস্যাটি দেখা দিয়েছে, সেগুলোর ক্ষেত্রে সফটওয়্যার হালনাগাদ যথেষ্ট নয়; ফোন বদলে নেওয়ার প্রয়োজন হতে পারে। অ্যাপল ও এটিঅ্যান্ডটি সমস্যার সুনির্দিষ্ট কারণ প্রকাশ করেনি।
এদিকে নোটবুকচেক-এর ৬ অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু ব্যবহারকারী আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সের পেছনের ক্যামেরার চারপাশে রঙ বদলে যাওয়ার অভিযোগ করেছেন। পরিষ্কার করার পরও দাগ বা রঙের পরিবর্তন দূর হচ্ছে না বলে কয়েকজন দাবি করেছেন। এসব অফিযোগের বিষয়ে অ্যাপল কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।