মেটার অগমেন্টেড রিয়েলিটি চশমা ‘ওরিয়ন’ চমকে দিলো সবাইকেই
অগমেন্টেড রিয়েলিটি (এআর) সমর্থিত নতুন চশমা ‘ওরিয়ন’ উন্মোচন করেছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। ওরিয়ন দেখতে ও পরিধানের ক্ষেত্রে সাধারণ চশমার মতো মনে হলেও এতে অগমেন্টেড রিয়েলিটির বিশেষ ফিচার রয়েছে। এছাড়া হাতে পরিধানযোগ্য একটি ব্যান্ডের মাধ্যমে চশমাটির বিভিন্ন ফিচার নিয়ন্ত্রণ করা যাবে।
গত বুধবার ‘মেটা কানেক্ট ২০২৪’ ইভেন্টে চশমাটি উন্মোচন করা হয়। দাবি করা হচ্ছে, ‘ওরিয়ন’ এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে স্মার্ট চশমা। স্মার্টফোনের পরিবর্তে চশমাটির মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। এ ছাড়া ডিভাইসটিতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন ফিচারও যুক্ত করা হয়েছে।
মার্ক জাকারবার্গ ‘ওরিয়ন’ স্মার্ট চশমাটি প্রদর্শন করে দর্শকদের চমকে দেন। এই চশমায় বার্তা পড়া, এআর প্রযুক্তির সুবিধা ব্যবহারের পাশাপাশি এটি হাতের ইশারা, মুখের কথা এবং নিউরাল ইন্টারফেস দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে।
ওরিয়নের ফ্রেমের ভেতরে মাইক্রো এলইডি প্রজেক্টর রয়েছে, যা চশমার লেন্সের মাধ্যমে চোখের সামনে বিভিন্ন গ্রাফিকস দেখাবে। চশমার সেন্সরগুলো কণ্ঠস্বর, চোখের মণির নড়াচড়া, হাত ও আঙুলের বিভিন্ন নির্দেশনা শনাক্ত করতে পারে।
চশমাটি দিয়ে কি কাজ করা যাবে তা বোঝাতে মেটা একটি উদাহরণ দিয়েছে। যেমন: যদি চশমা পরে ফ্রিজের দিকে তাকানো হয় এবং ফ্রিজে থাকা উপকরণের ভিত্তিতে একটি রেসিপি জানতে চাওয়া হলে ওরিয়ন একটি রেসিপি চোখের সামনে তুলে ধরবে। এ ছাড়া এতে ভিডিও কল, ম্যাসেজিং পাঠানোর সুবিধা থাকবে। সেই সঙ্গে স্পটিফাই, ইউটিউব ও পিন্টারেস্টের মতো অ্যাপগুলোর একটি সংস্করণ এর মাধ্যমে ব্যবহার করা যাবে।
যদিও এটি এখনই বাজারে আসছে না, বাজারজাত করার আগে আরও আধুনিকায়ন করা হবে। এছাড়া, ‘মেটা কোয়েস্ট ৩এস’ নামে নতুন মিক্সড রিয়েলিটি হেডসেটও উন্মোচন করেছে মেটা। স্ন্যাপড্রাগন এক্সআর২ জেন ২ প্রসেসর যুক্ত এই হেডসেটে দুটি উচ্চ রেজোল্যুশনের এলসিডি পর্দা রয়েছে, যা স্পর্শনির্ভর কন্ট্রোলারসহ গেম খেলার জন্য উপযোগী।
১২৮ ও ২৫৬ গিগাবাইট স্টোরেজের এই হেডসেটটির দাম যথাক্রমে ২৯৯ ও ৩৯৯ ডলার। আগামী ১৫ অক্টোবর থেকে এটি বাজারে আসবে।
এর পাশাপাশি, মেটা তাদের ‘রেব্যান মেটা স্মার্ট গ্লাস’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট সংযুক্ত করার ঘোষণা দিয়েছে। এর ফলে ব্যবহারকারীরা মুখের কথায় ইন্টারনেটে তথ্য অনুসন্ধান করতে পারবেন। সূত্র: রয়টার্স, জেডডিনেট।