শীতে দাড়ির রুক্ষতা দূর করার উপায়
সারাদেশে শীতের তীব্রতা বেড়েই চলেছে। এই ঠাণ্ডার মধ্যে অনেকেই আছেন প্রতিদিন গোসল করতে চান না। করবেনই বা কীভাবে! এই শীতে গোসল করা যেন স্বয়ং বাঘ মামার সামনে পড়ার থেকেও ভয়ানক কঠিন।
আর তাই ঠিকভাবে ত্বক বা চুলের যত্ন নেয়া হচ্ছে না। সেই সঙ্গে ছেলেরা দাড়ির যত্ন নিতেও আলসেমী করেন। এতে করে দাড়ি ঝরে যাওয়াসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধান করতে আরো একটু সতর্ক হন। জেনে নিন কী করবেন-
> শীতে গরম পানিতে মুখ ধোয়া অত্যন্ত আরামদায়ক হলেও আপনার দাড়ির জন্য তা মোটেও ভালো নয়। গরম পানিতে দাড়ি ক্ষতিগ্রস্ত হবে। গরম পানিতে আপনার ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। যা থেকে দেখা দিতে পারে চুলকানিও।
> শীত জাঁকিয়ে পড়লেও সপ্তাহে অন্তত দু-বার ভালো করে দাড়ি ধুয়ে নিন। দাড়ির রুক্ষতা দূর করতে শ্যাম্পু দিয়ে পরিষ্কারের পর কন্ডিশনার লাগিয়ে নিন।
> দাড়িতে তেল লাগিয়ে ভালো করে আঁচড়ে নিন। এতে তেল সর্বত্র ছড়িয়ে পড়বে। ত্বক আর্দ্র থাকবে।
> বাজারে দাড়ি ভালো রাখতে বিশেষ তেল ও ক্রিম কিনতে পাওয়া যায়। এগুলো ব্যবহার করতে পারেন। গোসলের পর বেয়ার্ড ক্রিম লাগিয়ে নিন। এর ফলে দাড়ি নরম ও উজ্জ্বল থাকবে।
> বাড়িতে দাড়ির যত্ন নিলেও মাঝে মধ্যে সেলুনে যেতে ভুলবেন না।