চিত্রনায়িকা পূর্ণিমা খলচরিত্রে অভিনয় করতে প্রস্তুত
দুই দশকেরও বেশি সময় ধরে রূপালি পর্দায় রোমান্টিক নায়িকার চেনা ছকে নিজেকে ব্যস্ত রেখেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ প্রায় ২৮ বছরের অভিনয় জীবনে অসংখ্য দর্শকপ্রিয় চলচ্চিত্রে কাজ করলেও এবার সেই পরিচিত গণ্ডি ভাঙতে চান তিনি।
গতানুগতিক রোমান্টিক ইমেজের বাইরে ব্যতিক্রমী বা নেগেটিভ চরিত্রে অভিনয় করার তীব্র আগ্রহ প্রকাশ করেছেন এই তারকা।
সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের এই নতুন ভাবনার কথা জানান পূর্ণিমা। তিনি জানান, নতুন কোনো চরিত্র পেলে সিনেমায় কাজ করব। এখন অনেক সিনেমা বা ওটিটিতে নায়িকারা নেতিবাচক চরিত্র বা ভিন্ন কিছু নিয়েই দর্শকের সামনে আসছেন। আমিও সুন্দরী নায়িকা ও পরিপাটি ইমেজের বাইরে কোনো চরিত্র চাই। নিজের নেতিবাচক রূপ নিয়ে তার মন্তব্য, আমার নেতিবাচক সেই চরিত্র দেখে দর্শকের যেন সেই চরিত্রের প্রতি ঘৃণা হয়। তাকে নিয়ে এ ধরনের চরিত্র কেউ আজ পর্যন্ত চিন্তা করেনি।
অভিনয় ক্যারিয়ারে বহু সফল সিনেমা উপহার দিয়েছেন এই তারকা। খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের ‘ওরা আমাকে ভালো হতে দিলো না’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছিলেন তিনি। তার ক্যারিয়ারের উল্লেখযোগ্য ছবির তালিকায় রয়েছে মনের মাঝে তুমি, যোদ্ধা, হৃদয়ের কথা, বিয়ের প্রস্তাব, লোভে পাপ পাপে মৃত্যু, শাস্তি, সুভা, মনের সঙ্গে যুদ্ধ ও সুলতান।
এদিকে দীর্ঘ সময় ধরে বড় পর্দায় কাজ কম থাকলেও তার অভিনীত ‘গাঙচিল’ ও ‘জ্যাম’ শিরোনামের দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। চেনা ছক ভেঙে ভিন্ন ধারার চরিত্রে তাকে কবে দেখা যাবে, এখন সেই অপেক্ষায় রয়েছেন তার অগণিত অনুরাগী।