ভারত এবার অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভাঙল
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অনায়াসে জয় তুলে নিয়েছে ভারত। এই ম্যাচে অভিষেক ও বৈভবের ঝড় শুধু ১০০ রানের জুটিতেই থামেনি। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ের দাপটে পাওয়ার প্লে’তেও নতুন বিশ্বরেকর্ড গড়ে ভারত।
প্রথম ছয় ওভারেই ১১৮ রান তুলে নেয় টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে কোনও দলের এটাই সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড। এর আগে এই রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার দখলে। স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ১১৩ রান তুলেছিল তারা। অভিষেক ও বৈভবের ব্যাটে সেই রেকর্ডও ভেঙে গেল আজ।
ছয় ওভারের মধ্যে ১১৮ রান! টি-টোয়েন্টি ক্রিকেটে এমন শুরু যে কোনও প্রতিপক্ষের আত্মবিশ্বাসে বড় ধাক্কা দিতে পারে। নিউজেল্যান্ডের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। ১৯৮ রান তুলে যে ম্যাচে লড়াই করার আশা করেছিল কিউইরা, সেই ম্যাচেই ভারতের দুই ওপেনার এমন ঝড় তুললেন যে, রান তাড়া করার লড়াই কার্যত একতরফা হয়ে গেল। অভিষেকের ঝড়, বৈভবের আগ্রাসী ব্যাটিং এবং রেকর্ডের পর রেকর্ড— সব মিলিয়ে ওয়েলিংটনের মাঠে প্রথম ছয় ওভারেই ম্যাচের রং বদলে দেয় ভারত।
শেষ পর্যন্ত ৪০ বল হাতে রেখেই ৬ উইকেটে জিতে পাঁচ ম্যাচের সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয় সফরকারী ভারত।