দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে যুবদল রাজপথে থাকবে: হুইপ দুলু
জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, পাশের রাষ্ট্র বা রাজ্য থেকে পতিত ফ্যাসিবাদের দোসররা এখনো বসে নেই; তারা দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের গোপন চক্রান্ত ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশের এই গণতন্ত্র ও অর্থনীতি বিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে জাতীয়তাবাদী যুবদল সর্বদা রাজপথে সজাগ থাকবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।
মঙ্গলবার বিকেলে নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হুইপ দুলু বলেন, দীর্ঘ প্রায় ২০ বছর ধরে আন্দোলন-সংগ্রাম ও রক্তক্ষয়ী ত্যাগের বিনিময়ে মানুষ আজ দেশের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরে পেয়েছে। বর্তমান সরকার ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে পুনর্গঠন করে জনগণের প্রত্যাশা পূরণে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু পরাজিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসররা সেই অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চাইছে।
তিনি আরও বলেন, জনগণ বিএনপিকে পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। নির্ধারিত সময় পর নিয়ম অনুযায়ী নির্বাচন হবে। অযথা আন্দোলন-সংগ্রামের নামে কাউকে দেশ অশান্ত করার সুযোগ দেওয়া হবে না এবং যেকোনো মূল্যে দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করা হবে।
নাটোর জেলা যুবদলের সভাপতি আব্দুল হাই তালুকদার ডালিমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় নেতা মোস্তফা ও টিটুন।আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্যসচিব আসাদুজ্জামান আসাদসহ স্থানীয় বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।