ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ বিনোদন ]

ক্ষমা চেয়ে আলভীর আবেগঘন পোস্ট স্ত্রীর জন্মদিনে

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৯, ১৬ অক্টোবর ২০২৬
ক্ষমা চেয়ে আলভীর আবেগঘন পোস্ট স্ত্রীর জন্মদিনে
ছবি: সংগৃহীত

ছোট পর্দার অভিনেতা ও মডেল জাহের আলভী প্রয়াত স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার জন্মদিনে তাকে স্মরণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন।  
বৃহস্পতিবার দেওয়া ওই পোস্টে স্ত্রীর কাছে ‘কিছু বিষয়ে’ ক্ষমা চাওয়ার পাশাপাশি তাকে ছাড়া নিজের জীবন এগিয়ে নেওয়া, সন্তানকে সামলানো এবং বিভিন্ন বিষয় নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন তিনি।
‘শুভ জন্মদিন ইকরা’ লিখে শুরু করা পোস্টে আলভী বলেন, ‘তুমি আবার প্রমাণ করে গেলে, একজন মৃত মানুষের ভ্যালু অনেকগুলো জীবিত মানুষের চেয়ে অনেক বেশি। তোমার অনুপস্থিতি আমাকে ভাবায়। রিযিককেও (আলভী-ইকরার একমাত্র সন্তান) হয়তো ভাবায়। তুমি থাকলে হয়তো এই সময়টা কেক কেটে আমরা তিনজন খুব চিল করতাম। আজকে তোমার কাছে মাফ চাচ্ছি কিছু বিষয়ে, জন্মদিন উপলক্ষে পারলে মাফ করে দিও।’
স্ত্রীকে হারানোর পরও স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করছেন জানিয়ে তিনি লেখেন, ‘তুমি নেই, আর আসবেও না। তবুও আমি অক্সিজেন নিচ্ছি, তবুও আমি দিব্যি তিন বেলা খাচ্ছি, গোসল করছি, জীবিকার তাগিদে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছি, গান শুনছি, মজার মুহূর্তে হাসছি, রিযিককে নিয়ে ভালো থাকার চেষ্টা করছি, ফেসবুকে ছবি আপলোড দিচ্ছি, শুটিং করছি, জীবনে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।’
নিজের জীবন স্বাভাবিকভাবে এগিয়ে নেওয়া নিয়ে অন্যদের সমালোচনার কথাও উল্লেখ করেন আলভী। অভিনেতা বলেন, ‘সাধারণ মানুষদের খুব কমপ্লেইন, কেন তুমি চলে যাওয়াতে আমার জীবন থেমে যাচ্ছে না, কেন তুমি চলে যাওয়াতে আমার মুখে এখনো গান আসে, কেনই বা এখনো আমি ছবি আপলোড দিই, কেনই বা আমি শুটিং করে জীবিকা নির্বাহ করি, কেন এখনো আমি ধ্বংস হচ্ছি না, কেনই বা আমি জেলে পচে মরছি না, কেনই বা আমি রিযিকের সান্নিধ্যে এলাম, কেনই বা তুমি আসবে না জেনেও তোমার পথ চেয়ে বসে থাকছি না। কেনই বা আমি তোমার বিরহে ধ্বংস হয়ে, নিঃশেষ হয়ে আমাদের রিযিকের জীবনটাও ধ্বংস করছি না! আরও কত কী!’
স্ত্রীর মৃত্যুকে কেন্দ্র করে তাকে ঘিরে যাদের বিভিন্ন কর্মকাণ্ড ও সমালোচনা, তাদের নিয়েও নিজের ক্ষোভের কথা তুলে ধরেন অভিনেতা। তিনি লেখেন, ‘মাঝে মাঝে এমন এমন কিছু মানুষকে তোমার জন্য আমার সঙ্গে যুদ্ধ করতে দেখি, নিজের চোখকে মানাতে পারি না। তুমি বেঁচে থাকতে এরা আসলে কোথায় ছিল? এদের স্বার্থ কি তোমার স্বেচ্ছায় চলে যাওয়ার ঝাল আমার ওপর মেটানো? কখনো তো দেখিনি আমাদের সংসারে এদের।’
তিনি আরও লেখেন, ‘তুমি জানো, তোমার চলে যাওয়ায় কত মানুষ জীবিকার পথ খুঁজে পেয়েছিল? তোমাকে আর তোমার ভালোবাসার সন্তানকে বেচে ডলারের মুখ দেখেছিল! এখনো দেখছে। আমি নিশ্চিত, তুমি বেঁচে থাকলে এদের একহাত দেখে নিতে। তোমার সন্তানের প্রতি করুণা দেখানোর দায়ে এদের ধুয়ে দিতে।’
ইকরার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের স্মৃতিচারণা করে আলভী লেখেন, ‘ইকলি, আমাদের বন্ধুত্ব আমার খুব প্রিয় ছিল। তাই বন্ধুর কাছে সরি বলতেই পারি। নিজেকে সামলাচ্ছি, আমার পরিবারকে সামলাচ্ছি, রিযিককে সামলাচ্ছি, তোমার আমানতকে একটা সুন্দর জীবন দেওয়ার চেষ্টা করছি, এই জন্য পারলে মাফ করে দিও।’
স্ত্রীর জন্য নিয়মিত দোয়া করার কথাও জানান তিনি। আলভী লেখেন, ‘নামাজের বিছানায় মোনাজাতে তুমি আমার প্রথম সারিতেই থাকো। তুমি বেঁচে থাকবে আমার মধ্যে, আমার সন্তানের মা হয়ে। একশত একটা অভিমান তোমার প্রতি, তবুও কোনো ক্লেশ নেই।’
পোস্টের শেষে স্ত্রীকে আবার দেখার প্রত্যাশা জানিয়ে অভিনেতা লেখেন, ‘দেখা হবেই তোমার সঙ্গে, মিস নাই। বাকি আড্ডা সেদিনের জন্য রেখে দিলাম। অভিমানটাও। যেখানেই থাকো, ভালো থাকো আর আমাদের দেখে রাইখো, বিশেষ করে আমাদের রিযিককে। কালকে অনেকগুলো রিযিক তোমার নামে কোরআন তিলাওয়াত করবে, তোমার জন্য দোয়া করবে। তুমি ভাগ্যবতী। নিঃসন্দেহে আল্লাহর প্রিয় বান্দা। শুভ জন্মদিন।’

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!