ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

সালমান হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের দিন পেছাল

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৫৭, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সালমান হত্যা মামলার তদন্ত প্রতিবেদনের দিন পেছাল
ছবি: সংগৃহীত

জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল নিয়ে আবারও সময় পেল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নির্ধারিত দিনে প্রতিবেদন আদালতে জমা দিতে না পারায় নতুন সময়সীমা বেঁধে দিয়েছেন আদালত।

চিত্রনায়ক চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন ওরফে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে দায়ের করা এ মামলায় তার স্ত্রী সামিরা হকসহ ১১ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের ইন্সপেক্টর মজিবুর রহমান প্রতিবেদন জমা দিতে পারেননি। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা প্রতিবেদন দাখিলের জন্য নতুন সময় নির্ধারণ করেন। বিষয়টি প্রসিকিউশন বিভাগের এসআই শাহ আলম জানিয়েছেন।

Advertisement

এদিকে মামলাটি তদন্তের মধ্যে আলোচনায় আসে অভিনেতা আশরাফুল হক ডনের গ্রেপ্তারের ঘটনা। গত ৯ আগস্ট ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিআইডি পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয় এবং ৯ সেপ্টেম্বর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সালমান শাহ হত্যা নিয়ে দীর্ঘদিন ধরে নানা প্রশ্ন ও আলোচনা রয়েছে। শুরুতে তার মৃত্যুকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরিবারের পক্ষ থেকে বরাবরই এটিকে হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। সেই ধারাবাহিকতায় গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম আদালতে মামলাটি দায়ের করেন।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!