জন্মদিনে কোটি ভক্তের হৃদয়ে সালমান শাহ
নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। বাংলা চলচ্চিত্রের ‘রাজপুত্র’ হিসেবে পরিচিত এই অভিনেতা মাত্র চার বছরের ক্যারিয়ারে উপহার দিয়েছেন ২৭টি সিনেমা। আজ ১৯ সেপ্টেম্বর তার জন্মদিন।
১৯৭১ সালের এই দিনে সিলেটের জকিগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন সালমান শাহ। বেঁচে থাকলে আজ ৫৫ বছরে পা দিতেন তিনি। তবে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছর বয়সে মারা যান এই অভিনেতা। তার মৃত্যুর কারণ নিয়ে দীর্ঘদিন ধরে নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।
.png)
সালমান শাহর প্রকৃত নাম শাহরিয়ার চৌধুরী ইমন। পিতা কমর উদ্দিন চৌধুরী ও মাতা নীলা চৌধুরীর বড় ছেলে তিনি। ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর খুব অল্প সময়েই দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন।
অভিষেকের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। চার বছরের চলচ্চিত্রজীবনে মাত্র ২৭টি সিনেমায় অভিনয় করেও তিনি নব্বই দশকের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হন।
তবে বড় পর্দায় আসার আগে টেলিভিশন নাটকের মাধ্যমে অভিনয় শুরু করেন সালমান শাহ। ১৯৮৫ সালে বিটিভির ‘আকাশ ছোঁয়া’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। এরপর ‘দেয়াল’, ‘সব পাখি ঘরে ফেরে’, ‘সৈকতে সারস’, ‘নয়ন’ ও ‘স্বপ্নের পৃথিবী’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেন তিনি।
রুপালি পর্দায় সালমান শাহর সঙ্গে শাবনূরের জুটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা পায়। তার অভিনীত ২৭টি সিনেমার মধ্যে ১৪টিতেই নায়িকা ছিলেন শাবনূর। তাদের জুটি বাংলা চলচ্চিত্রের স্মরণীয় জুটিগুলোর একটি হিসেবে দর্শকের কাছে আজও আলোচিত।
সালমান শাহর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘অন্তরে অন্তরে’, ‘সুজন সখী’, ‘স্বপ্নের নায়ক’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘চাওয়া থেকে পাওয়া’, ‘জীবন সংসার’, ‘প্রেম প্রিয়াসী’, ‘সত্যের মৃত্যু নেই’, ‘মায়ের অধিকার’, ‘এই ঘর এই সংসার’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’ ও ‘বুকের ভেতর আগুন’।
স্বল্প সময়ের ক্যারিয়ারে অসংখ্য দর্শকের হৃদয়ে জায়গা করে নেওয়া সালমান শাহ মৃত্যুর প্রায় তিন দশক পরও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় তারকাদের তালিকায় স্মরণীয় হয়ে আছেন।