ব্যোমকেশ বক্সী চরিত্রে আবার আবীর
আবীর চট্টোপাধ্যায়কে নিয়েই ফের ব্যোমকেশের ছবি করার পরিকল্পনায় ভেঙ্কটেশ ফিল্মস। মাঝে অরিন্দম শীলের প্রস্থানের পর ব্যোমকেশের চরিত্রে নতুন মুখ এবং নতুন পরিচালক নেয়ার খবর শোনা যায়।
সত্যান্বেষীর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্য থাকবেন, পরিচালক বিরসা দাশগুপ্ত, এমন কথাও শোনা যাচ্ছিল। করোনা হানা না দিলে, এত দিনে হয়তো সে ছবির শুটিংও হয়ে যেত। পরিবর্তিত পরিস্থিতিতে অনেক কিছুই বদলেছে। ব্যোমকেশ হচ্ছেন আবীরই, পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়।
অনির্বাণ যেমন ওয়েব প্ল্যাটফর্মে ব্যোমকেশ বক্সীর চরিত্র করছেন, তেমনটাই করবেন। ‘গুপ্তধন’ সিরিজ় হিট দেয়ার পরে প্রযোজনা সংস্থার ঘরে ধ্রুবর নম্বর অনেকটাই বেড়েছে। ব্যোমকেশের মতো ওজনদার সিরিজ়ের দায়িত্ব তাঁর হাতেই দিতে চাইছে সংস্থা। তা ছাড়া আবীরের সঙ্গে ধ্রুবর সমীকরণও বেশ ভাল। তবে ছবির শুটিং শুরু হতে এখনো দেরি আছে। সিনেমা হল না খোলা পর্যন্ত নতুন কোনো কাজে হাত দিতে চাইছে না প্রযোজনা সংস্থা। তবে এ খবরে এসভিএফ কিংবা আবীর কেউই সিলমোহর দেননি।
ব্যোমকেশ পর্ব এখানেই শেষ নয়। একই সময়ে দুই অভিনেতা, একই চরিত্রে অভিনয় করছেন তা বোধহয় শুধু টলিউডেই সম্ভব! পরমব্রত চট্টোপাধ্যায় অভিনীত ব্যোমকেশ এই পূজায় মুক্তি পাওয়ার কথা ছিল। ‘দুর্গরহস্য’র মতো কাহিনি করোনা পরিস্থিতিতে শুট করা সম্ভব নয়। রাজস্থানে আউটডোর শুটের পরিকল্পনা ছিল। সবটাই আপাতত বাতিল করা হয়েছে।
তবে পরমব্রত জানালেন, শীতকালে তারা ছবির শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন।
পরমব্রত অভিনীত ব্যোমকেশের মেন্টর অঞ্জন দত্ত আর পরিচালক ছিলেন সায়ন্তন ঘোষাল। আগের ছবিটির সময়ে মেন্টর-ডিরেক্টরের মনোমালিন্য হয়েছিল। যে কারণে সায়ন্তনকে না জানিয়েই মেন্টর নতুন পরিচালকের অন্বেষণও শুরু করে দিয়েছিলেন। তবে বিষয়টি বাস্তবায়িত হয়নি। তাছাড়া হিট ফ্র্যাঞ্চাইজ়ির ছবি নিয়ে এই টানাটানি আশ্চর্যের নয় মোটেই।