মানসিক ভারসাম্যহীন অভিনেতা শাহরিয়ার শুভ ঢাকায় ফিরছেন
ফেসবুকে ছবি দেখেই চেনা গেল ভারসাম্যহীন একটি লোকের পরিচয়। লোকটি হলেন অভিনেতা শাহরিয়ার শুভ। একসময় টিভির নিয়মিত মুখ ছিলেন। কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটক-টেলিফিল্ম ও বিজ্ঞাপনে। জীবনের করুণ পরিহাসে আজ তিনি পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন পথে পথে।
বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে তার কিছু ছবি দিয়ে ভাইরাল হয়। এক সময়ের জনপ্রিয় অভিনেতা শাহরিয়ার শুভ মানসিক ভারসাম্য হারিয়ে জামালপুর স্টেশনের আশপাশে ছোটাছুটি করছেন। সংশ্লিষ্টদের খোঁজ করারও আহ্বান জানানো হয় পোস্টগুলোতে।
বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দেয় নাটক পাড়ায়। সহঅভিনেতা, নির্মাতাসহ সংশ্লিষ্ট অনেকে তার খোঁজ দেয়ার অনুরোধ জানিয়ে ফেসবুক পোস্ট দেন। এরপর ডিরেক্টর গিল্ডস, অভিনয় শিল্পী সংঘের পক্ষ থেকেও অভিনেতা শাহরিয়ার শুভর খোঁজ নেয়া হয়। রোববারই তার সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন তারা।
আরো পড়ুন>>> মানসিক ভারসাম্যহীন অভিনেতা শাহরিয়ার শুভ, মিলেছে সন্ধান
অবশেষে জামালপুর থেকে ঢাকায় আসতে চলেছেন ‘পঞ্চম বিবাহবার্ষিকী’ খ্যাত এই অভিনেতা। অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুভর বিষয়টি নিয়ে আমরা উদ্বেগের মধ্যে ছিলাম। বহু অভিনেতা অভিনেত্রীর কল পেয়েছি আমরা। নিজেরা উদ্যোগী হয়ে রোববার শুভর সঙ্গে যোগাযোগ করতে সফল হই। তিনি ঘটনার বিস্তারিত আমাদের বলেছেন। তবে শুভ কোন মানসিক ভারসাম্যহীনতা নয় বরং প্রতারণার খপ্পড়ে পড়েছিলেন বলেই আমাদের জানান।
তিনি জানান, কয়েকদিন আগে শুটিংয়ের কাজেই জামালপুর গিয়েছিলেন শুভ। এরপর সেখানে একটি চক্রের প্রতারণার শিকার হয়ে দোকানে চা খাওয়ার পর তিনি স্মৃতি হারিয়ে ফেলেন। সম্ভবত চায়ের সঙ্গে কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয়েছিলো। এরপর থেকেই কয়েকদিন ধরে ভারসাম্যহীনভাবে পথে পথে ঘুরেছেন। তাকে এমন অবস্থায় দেখে চিনতে পেরে সেখানকার স্থানীয় কিছু সাংবাদিক ও তরুণ হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর তিনি সুস্থ আছেন।