ঢাকা,  বুধবার   ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ বিনোদন ]

জায়েদকে চলচ্চিত্রের ১৭ সংগঠনের বয়কট, সতর্ক করা হবে মিশাকে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৬, ১৪ জুলাই ২০২০
জায়েদকে চলচ্চিত্রের ১৭ সংগঠনের বয়কট, সতর্ক করা হবে মিশাকে
জায়েদ খান ও মিশা সওদাগর

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে বয়কট করতে যাচ্ছে চলচ্চিত্র সংশ্লিষ্ট ১৭টি সংগঠন। চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির নেতৃত্বে বুধবার এই ঘোষণা আসবে বলে জানান সমিতির সহকারী সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল। 

ইকবাল বলেন, চলচ্চিত্রের ‘স্বার্থবিরোধী কর্মকাণ্ডের’ অভিযোগে জায়েদ খানকে বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অন্য সংগঠনগুলো। স্থগিত বা বাতিল হতে পারে তার প্রযোজক সমিতির সদস্যপদও।

তিনি বলেন, এ বিষয়ে বুধবার দুপুর ১টায় ১৭ সংগঠন আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। একই অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা মিশা সওদাগরকেও সতর্ক করে চিঠি দেয়া হবে।

Advertisement

মঙ্গলবার প্রযোজক সমিতির নেতৃত্বে ১৭ সংগঠনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সেখানে শিল্পী সমিতি ছাড়া বাকি সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু, সাধারণ সম্পাদক শামসুল আলম, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, মহাসচিব বদিউল আলম খোকনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার জায়েদ খানকে চলচ্চিত্রের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকার জন্য এর কারণ জানতে চেয়ে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি।

বিষয়টি জানিয়ে সেসময় প্রযোজক সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম জানান, চলচ্চিত্র নির্মাণে শৃঙ্খলা ফেরাতে ও নির্মাণ ব্যয় কমিয়ে আনতে গত বছরের অক্টোবরে সব সংগঠনের সমন্বয়ে একটি নীতিমালা প্রণয়ন করা হয়। এটি বাস্তবায়ন হলে চলচ্চিত্র নির্মাণে ন্যূনতম ১৫ লাখ টাকা ব্যয় কমে আসবে। সেই সিদ্ধান্ত না মানতে শিল্পীদের ক্ষুদেবার্তা পাঠাচ্ছেন জায়েদ খান। প্রযোজক সমিতির সদস্য হয়েও তার এমন কর্মকাণ্ড প্রযোজক সমিতির স্বার্থের পরিপন্থী।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!