ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
প্রেম, প্রতিহিংসা আর রহস্যে ঘেরা ‘মালাঙ্গ’র ট্রেলার
প্রেম আর প্রতিহিংসার গল্প নিয়ে নির্মাতা মোহিত সুরি নির্মাণ করেছেন নতুন ছবি ‘মালাঙ্গ’। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির ট্রেলার। ছবিটি যে প্রেম, প্রতিহিংসা আর ঘৃণার গল্প, তা ট্রেলার দেখেই বোঝা গেছে।
দুই মিনিট ৪৫ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই আদিত্য রায় কাপুরের গলায় শোনা যায় ‘খুন করা আমার নেশা’। ছবিতে আদিত্য’র প্রেমিকার ভূমিকায় অভিনয় করছেন দিশা পাটানি। জীবনে স্বাধীনতা চায় দিশা। এমন স্বাধীনতা, যেখানে তার জীবনে নাক গলাবে না কেউ। তার বয়ফ্রেন্ডও ভিন্ন মত পোষণ করে না। এই প্রেমকাহিনীর পাশাপাশি চলে খুনের খেলা।
এরই মাঝে প্রবেশ কুণাল খেমুর। খুন করা তার অভ্যাস। যে চারজনকে নিয়ে ‘মালাঙ্গ’র গল্প, তার মধ্যে কুণালের চরিত্রটি অন্যতম। এরপর আসছেন অনিল কাপুর। এই ছবিতে তাকে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। তবে ট্রেলারে দিশার চরিত্রটি নিয়ে মোড়ক খোলেননি পরিচালক। সম্পূন্ন রহস্যে ঘিরে রেখেছেন চরিত্রটিকে। ট্রেলারের শেষে আবার দেখা যায়, দিশা নিজেও খুন করতে তৎপর।
ট্রেলার জুড়ে কখনো মারামারি, কখনো বুলেট যুদ্ধ। প্রতিটি সংলাপে হিংসার ছাপ। আগামী ৭ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘মালাঙ্গ’ ছবিটি। ‘আশিকি ২’র পর এই ছবিতে ফের জুটি বেধেছেন আদিত্য রায় কাপুর ও মোহিত সুরি। আর মোহিতের সঙ্গে দিশা পাটানির এটাই প্রথম ছবি।