ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

আবারো শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ২৩ অক্টোবর ২০১৯
আবারো শুরু হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’
ছবি: সংগৃহীত

লোকসংগীত বাঙালি জাতির সংস্কৃতি আর ঐতিহ্যে হাজার বছর ধরে প্রবাহমান। সংগীতের এ ধারায় মিশে আছে জীবনের গভীর দর্শন, আধ্যাত্মিকতা, প্রেম আর মাটির ঘ্রাণ। লোকগানের সুর-সুধা বিশ্ব দরবারে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে সান ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৫ সাল থেকে প্রতি বছর আয়োজিত হয়ে আসছে এশিয়ার সবচেয়ে বড় লোকসংগীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। 

গত চার বছরের পরিক্রমায় সংগীতপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। সেই ধারাবাহিকতায় আগামী ১৪ থেকে ১৬ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উৎসবের পঞ্চম আসর। উৎসবে দর্শকরা উপভোগ করতে পারবেন দেশ বিদেশের লোকসংগীত শিল্পীদের শেকড় সন্ধানী গান। বুধবার ফোকফেস্ট উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টসংবাদ সম্মেলনে সান ফাউন্ডেশনের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী বলেন, আমাদের লোকসঙ্গীতকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যে আমরা ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট শুরু করি। আন্তর্জাতিকভাবে পরিচিতির জন্য দেশি-বিদেশি শিল্পীদের আমরা একই মঞ্চে তুলে ধরছি। প্রতিবারের মতো এবারো সবার সহযোগিতা কামনা করছি।

এ সময় জানানো হয় এবারের আসরে বাংলাদেশসহ বিশ্বের ৬টি দেশ থেকে ২০০ জনের বেশি লোকশিল্পী ও কলাকুশলী জড়ো হচ্ছেন একই মঞ্চে। উল্লেখযোগ্য শিল্পীরা হলেন বাংলাদেশের শাহ্ আলম সরকার, মালেক কাওয়াল, কাজল দেওয়ান, ফকির শাহাবুদ্দিন, চন্দনা মজুমদার, বাউলিয়ানা’র কামরুজ্জামান রাব্বি, শফিকুল ইসলাম, প্রেমা ও ভাবনা নৃত্য দল, ভারতের দালের মেহেন্দি, পাকিস্তানের জুনুন ও হিনা নাসরুল্লাহ্, রাশিয়ার সাত্তুমা, জর্জিয়ার শেভেনেবুরেবি এবং মালি থেকে হাবিব কইটে অ্যান্ড বামাদা।  

আরো জানানো হয়, প্রতিবারের মতো এবারো দর্শকরা বিনামূল্যে শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ৬ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত। এজন্য দর্শকদের ফোকফেস্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অনুষ্ঠানটি টেলিভিশনে সরাসরি সম্প্রচারের দায়িত্বে থাকবে মাছরাঙা টেলিভিশন।

ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্টসংবাদ সম্মেলনের উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনস লিমিটেড-এর চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, ঢাকা ব্যাংক লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অব অপারেশনস মালিক মোঃ সাঈদ এবং লোকসংগীতশিল্পী ফকির শাহাবুদ্দিনসহ অনেকে। 

সান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট ২০১৯’-এর টাইটেল স্পন্সর মেরিল, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, সাপোর্টেড বাই রাঁধুনী, ডিজিটাল পেমেন্ট পার্টনার ডিমানি, রেজিস্ট্রেশন পার্টনার সহজ, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস্ লিমিটেড, হসপিটালিটি পার্টনার ফোর পয়েন্টস বাই শেরাটন, রেডিও পার্টনার রেডিও দিনরাত, ইন্স্যুরেন্স পার্টনার গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স, পিআর পার্টনার মিডিয়াকম, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন।

ডেইলি-বাংলাদেশ/এনএ
লিংক সফলভাবে কপি হয়েছে!