ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

নতুন পে স্কেলের আগে জনবলের তথ্য চাইল মাউশি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৪:৪৩, ৪ অক্টোবর ২০২৬
নতুন পে স্কেলের আগে জনবলের তথ্য চাইল মাউশি
সংগৃহীত ছবি

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এবং এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে প্রতিষ্ঠানভিত্তিক এসব তথ্য পাঠাতে নির্দেশ দিয়েছে মাউশি।

সম্প্রতি মাউশির এইচআরএম ইউনিট থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়। এতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজ করা এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আইবাস++-এর অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেজে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য যুক্ত করার কাজ চলছে।

Advertisement

নির্দেশনায় আরও বলা হয়, সরকারি আর্থিক ব্যবস্থাপনা সুসংহত করতে আইবাস++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করা প্রয়োজন। এ জন্য মাউশি ও এর অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোর জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে অন্তর্ভুক্ত করতে হবে।

এ ছাড়া এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে যুক্ত করার জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা সরকারি আদেশসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য পাঠাতে বলা হয়েছে।

মাউশি নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে হবে। ছকে কার্যালয়ের নাম, পদের নাম বাংলা ও ইংরেজিতে, ১৩ ডিজিটের কোড, পদের মূল গ্রেড, পদভিত্তিক জনবলের সংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে হবে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, আগামী ৭ অক্টোবরের মধ্যে তথ্য অধিদপ্তরের এইচআরএম শাখার উপপরিচালকের কাছে পাঠাতে হবে। একই সঙ্গে তথ্যের সফট কপি নিকষ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট আকারে নির্ধারিত ই-মেইলে পাঠাতে এবং কক্ষ নম্বর ৫৩০-এ প্রয়োজনীয় কপি জমা দিতে বলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!