ইবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের কর্মসূচি ঘোষণা
একুশে ফেব্রুয়ারি ‘মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্তৃপক্ষ।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় দিবসসমূহ উদযাপন স্ট্যান্ডিং কমিটি আহ্বায়ক অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. শাহাদাৎ হোসেন আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
দিবসটি উপলক্ষে ২০ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনায় পবিত্র কুরআন খতম ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হবে। পরে রাত ১১টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেতৃত্বে বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, অনুষদ, হল, বিভাগ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র-ছাত্রী এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহের অংশগ্রহণে কেন্দ্রীয় শহিদ মিনারে দিকে পদযাত্রা করা হবে।
এরপর রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে প্রশাসন। এ সময় উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান উপস্থিত থাকবেন।
পরদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর ও হলসমূহে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হবে। পতাকা উত্তোলন শেষে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে প্রশাসন।