দুইদিন ধরে নিখোঁজ বেরোবি শিক্ষার্থী মোতালেব
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের (৯ম ব্যাচের) সদ্য স্নাতকোত্তর সম্পন্ন শিক্ষার্থী মো. আব্দুল মোতালেব হোসাইন বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট সংলগ্ন পার্কের মোড় এলাকা থেকে নিখোঁজ হয়েছেন।
জানা যায়, ৬ মে দুপুর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার সর্বশেষ লোকেশন ছিল বাবুপাড়া, রংপুর (দুপুর ২.৩১ মিনিট)। নিখোঁজের দিন সন্ধ্যার পর থেকে তার খোঁজ চলছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিখোঁজ মোতালেব বিশ্ববিদ্যালয় সংলগ্ন সদর্পরা এলাকায় বাস করত। ৬ মে দুপুর দুইটার সময় সে পার্কের মোড়ের উদ্দেশ্যে মেস থেকে বের হলেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। মোতালেব মেসে থেকে চাকরির জন্য পড়ালেখা করতেন। নিখোঁজের ব্যাপারে রংপুর তাজহাট মেট্রোপলিটন থানায় তার বাবা ছামাদ মিয়া একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা যায়, ৭ মে বিকেল ৪ টায় নিখোঁজ শিক্ষার্থীর মোবাইল কিছুক্ষণের জন্য খোলা হলে লোকেশন ট্র্যাক করলে ঢাকায় (বনানী) পাওয়া যায়।
এদিকে মোতালেবের নিখোঁজের ঘটনায় উৎকণ্ঠায় সময় পার করছেন সহপাঠী ও পরিবারের সদস্যরা।
ছেলে নিখোঁজ প্রসঙ্গে বাবা ছোমাদ মিয়া বলেন, ‘আমার বাবার একদিন থাকি কোনো কথা শুনি না। কোথায় আছে, কিভাবে আছে কিচ্ছু জানি না। আমি আমার কইলজার টুকরাক আমার বুকোত ফেরৎ চাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী ডেইলি বাংলাদেশকে বলেন, পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। মোতালেবকে উদ্ধারের জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করে চলছে।
এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির ডেইলি বাংলাদেশকে বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি, আশা করি দ্রুত খোঁজ মিলবে।