ঢাকা,  সোমবার   ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

চুয়েটে ক্লাস শুরুর প্রস্তুতি, আন্দোলন অব্যাহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:০৪, ২৬ অক্টোবর ২০২৬
চুয়েটে ক্লাস শুরুর প্রস্তুতি, আন্দোলন অব্যাহত
সংগৃহীত ছবি

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ৩৬ দিন ধরে চলা শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করে আগামী ২৮ অক্টোবর থেকে ক্লাসে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা।

তবে সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহাল এবং নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে প্রত্যাহারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখবেন তাঁরা।

সোমবার এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে নতুন উপাচার্য ক্যাম্পাসে প্রবেশ করলে আবারও শাটডাউন কর্মসূচি শুরুর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা।

এর আগে রোববার এক খোলা চিঠিতে শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানান শিক্ষার্থীরা। পরে শিক্ষক সমিতির সাধারণ সভায় শিক্ষার্থীদের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করে ক্লাস শুরুর প্রস্তুতির কথা জানানো হয়।

রাতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যৌথ বিবৃতিতেও একাডেমিক কার্যক্রম চালু করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। তবে সাবেক উপাচার্যকে পুনর্বহালের দাবিতে আন্দোলন এবং নতুন উপাচার্যের প্রতি অসহযোগিতা অব্যাহত রাখার সিদ্ধান্তের কথা জানান তাঁরা।

এদিকে, আগামী ২৮ অক্টোবর ক্যাম্পাস খোলার দিন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত একটি পরামর্শক দল চুয়েটে যাবে। দলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করবে।

গত ২১ সেপ্টেম্বর চুয়েটের উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক শেখ শরীফুল আলমকে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে ২২ সেপ্টেম্বর থেকে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

একই দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কর্মবিরতি ও অসহযোগ কর্মসূচি পালন করেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাতটি বিভাগের ৩৪টি পরীক্ষা স্থগিত হয়ে যায়।

এর মধ্যে গত ১২ অক্টোবর তালা ভেঙে উপাচার্যের ভবনে প্রবেশের ঘটনার পর নতুন উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!