রাবিতে তালা ভেঙে স্বর্ণালংকার ও অর্থ চুরি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দিন-দুপুরে শিক্ষকদের আবাসিক কোয়ার্টারের তালা ভেঙে স্বর্ণালংকার ও অর্থ চুরির অভিযোগ পাওয়া গেছে।
গত বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাড়ার ডব্লিউ-৯/এফ নম্বর বাসায় এই চুরি হয়েছে বলে জানা যায়।
ওই বাসার বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়া এবং বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার। তাঁরা স্বামী-স্ত্রী।
ঘটনায় ভুক্তভোগী বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদা আক্তার জানান, ঈদের ছুটি শেষে এখনো বাসায় আসা হয় নি। এই সুযোগে দিনে-দুপুরে দরজা ভেঙে বাসায় ঢুকে চোর সোনার গয়না, আংটি, গোল্ড মেডেলসহ প্রায় ২০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। সব মিলে প্রায় দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী শিক্ষকের স্বামী ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সাইন্স বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়া বলেন, আমরা পশ্চিম পাড়ার ডব্লিউ-৯/এফ নম্বর বাড়ির তিন তলার পূর্ব পাশের ফ্ল্যাটে থাকি। ঘটনার খবর পেয়ে এসে দেখি দরজার তালা ভাঙা। ঘরের আলমারির তালাও ভাঙা। পুরো ঘর এলোমেলো অবস্থায় রয়েছে। পুলিশ এসে দেখে গেছে। এ ঘটনায় থানায় মামলা করা হবে বলে জানান তিনি।
এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, চুরির খবর পেয়ে সেদিনই ঐ বাসায় যাই। তারা কেউ বাসায় ছিলো না। এই সুযোগে পাশের ফ্ল্যাটে বাহির থেকে তালা দেয়ার পর ঐ বাসার দরজা ভেঙে সোনাসহ নগদ অর্থ চুরির ঘটনা ঘটেছে।
জানতে চাইলে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তুহিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কোয়ার্টারে চুরির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। এবিষয়ে আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি।