ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

বিনামূল্যে মানুষের ধারে ধারে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন চবি শিক্ষার্থী

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ২০:০১, ৭ আগস্ট ২০২১
বিনামূল্যে মানুষের ধারে ধারে অক্সিজেন পৌঁছে দিচ্ছেন চবি শিক্ষার্থী
১০০ স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তারা। টিম লিডার মুনাওয়ার রিয়াজ মুন্নার সঙ্গে রয়েছেন হাসিব জামান নামে আরেক তরুণ।

করোনা সংক্রমণ এখন ভয়াবহ আকার নিয়েছে। প্রতিদিন বাড়ছে মানুষের মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা। সেই সঙ্গে বেড়েছে অক্সিজেনের চাহিদা। বহু মানুষ অক্সিজেনের অভাবে মারাও যাচ্ছেন। শহরে অক্সিজেন সরবরাহ কিছুটা সুবিধাজনক হলেও প্রত্যন্ত গ্রামের মানুষ এই সেবা থেকে বঞ্চিতই থাকছেন। তবে কি গ্রামের মানুষের অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটবে? এটা মানতে পারেন নি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনাওয়ার রিয়াজ মুন্না। নিজের এলাকায় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতে শুরু করেন।

১ আগস্ট থেকে দুইটি জোনের মাধ্যমে নরসিংদীর ৬ টি  উপজেলার সব ইউনিয়নে অক্সিজেন সেবা কার্যক্রম পরিচালনা করছেন। 
 'ডু সামথিং ফাউন্ডেশনের' উদ্যোগে আরও প্রায় ১০০ স্বেচ্ছাসেবককে সঙ্গে নিয়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহের এ উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তারা। টিম লিডার মুনাওয়ার রিয়াজ মুন্নার সঙ্গে রয়েছেন হাসিব জামান নামে আরেক তরুণ।  

মুনাওয়ার রিয়াজ মুন্না বলেন, করোনা পরিস্থিতিতে একেকটি অক্সিজেন সিলিন্ডার যেন পরিণত হয়েছে সোনার হরিণে। একজন সচেতন নাগরিক এবং মানবিক তাগেদে ‘ডু সামথিং ফাউন্ডেশনের’ হয়ে নরসিংদীর অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছি। জীবনের ঝুঁকি থাকলেও অক্সিজেন পাওয়ার পর মানুষের মুখে স্বস্তি দেখে সব কষ্ট মুহূর্তেই বিলীন হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, করোনার এ ভয়াবহ পরিস্থিতিতে যখন পরিবারের সদস্যরা আপনজনকে রেখে পালাচ্ছে ঠিক সে সময় মানবিক প্রয়োজনে আমরা করোনা রোগীর পাশে দাঁড়াচ্ছি। অর্থ ও সম্পদের চেয়ে এসময় অক্সিজেন অতীব জরুরি হয়ে পরেছে। প্রতিদিনই অক্সিজেনের অভাবে শত শত মানুষ প্রাণ হারাচ্ছে। এ প্রয়োজনীয়তা উপলব্ধি করে  ১ আগস্ট থেকে  ৬ টি উপজেলার প্রতিটি ইউনিয়নে আমাদের স্বেচ্ছাসেবী টিম দিনরাত অক্সিজেন সেবা দিয়ে যাচ্ছে।

ডু সামথিং ফাউন্ডেশনের আরেক সদস্য হাসিব জামান জানান, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র দেখিয়ে নরসিংদীর যে কেউ নিতে পারবেন এ সেবা। আমাদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত তাদের কাছে পৌঁছে যাবেন সংগঠনের সদস্যরা। প্রয়োজনে অক্সিজেন সরবরাহ করা হবে। আমরা চাই যেনো অক্সিজেনের অভাবে যেনো নরসিংদির কেউ কষ্ট না পান। সেই লক্ষ্যে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি। 

মুনাওয়ার রিয়াজ মুন্না করোনা পরিস্থিতিতে নিজ এলাকা মনোহরদীতে  বিভিন্ন ত্রাণ সহায়তা, নলকূপ ও সোলার প্যানেল স্থাপন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছেন । চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!