ঢাকা,  মঙ্গলবার   ১৩ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

টানা বৃদ্ধির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:১১, ১৩ অক্টোবর ২০২৬
টানা বৃদ্ধির পর বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম
সংগৃহীত ছবি


টানা কয়েক দফা বৃদ্ধির পর আন্তর্জাতিক বাজারে কিছুটা কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সৌদি আরবে হামলার জেরে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ওঠানামা দেখা যাচ্ছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬১ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫৭ শতাংশ কমে ১০৬ দশমিক ০৪ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা প্রায় শূন্য দশমিক ৫০ শতাংশ কমে ৯৩ দশমিক ২৭ ডলারে নেমেছে।

এর আগে সোমবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় দুই ডলার বেড়েছিল। ওই দিন ব্রেন্ট ক্রুডের সমাপনী দর ছিল ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৬৫ ডলার, যা গত ১৫ সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

বাজার বিশ্লেষকদের মতে, সৌদি আরবে হামলার কারণে জ্বালানি তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বাজারে ঊর্ধ্বমুখী চাপ তৈরি করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের জ্বালানি সরবরাহ পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে।

অন্যদিকে, রাশিয়া থেকে ডিজেল রপ্তানি বাড়ার সম্ভাবনা বাজারে সরবরাহ পরিস্থিতির উন্নতির আশা তৈরি করেছে। এতে জ্বালানির দাম কিছুটা কমার পেছনে প্রভাব পড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

বিশ্লেষকদের ধারণা, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতেও অপরিশোধিত তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!