ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

দুই কোটি ১৫ লাখ টাকায় আধুনিক হচ্ছে জিল্লুর রহমান পৌর মিলনায়তন

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২৬ নভেম্বর ২০২৬
দুই কোটি ১৫ লাখ টাকায় আধুনিক হচ্ছে জিল্লুর রহমান পৌর মিলনায়তন
জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে জিল্লুর রহমান পৌর মিলনায়তনের আধুনিকায়ন কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন সহায়তা তহবিলের আওতায় এ কাজের উদ্বোধন করেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে পৌর মিলনায়তনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভৈরব পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহীন ও সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আহমেদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, ভৈরবের উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করা হচ্ছে। এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি ও জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রাখতে সরকার কাজ করছে। উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাইকে সচেতন, দায়িত্বশীল ও সতর্ক থাকতে হবে। রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রেখে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিতে সকলকে সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

২ কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মিলনায়তনটির আধুনিকায়ন কাজ সম্পন্ন হলে এর অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি অনুষ্ঠান আয়োজনের পরিবেশ ও সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে। এতে মিলনায়তনটি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাগরিক অনুষ্ঠানে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!