ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ২৬ নভেম্বর ২০২৬
হাতিয়ায় তথ্য সংগ্রহে গিয়ে হেনস্তার শিকার দুই সাংবাদিক
হাতিয়ায় সাংবাদিক হেনস্থাকারী শিক্ষক অমিত দাস। ছবি- সংগ্রহৃত
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে বাধা ও হেনস্তার শিকার হয়েছেন দুই সাংবাদিক। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সাংবাদিক।
 
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
 
ভুক্তভোগী সাংবাদিকরা হলেন- দেশ টিভি ও দৈনিক আমাদের সময়ের হাতিয়া প্রতিনিধি শামীমুজ্জামান শামীম এবং চ্যানেল এস ও দৈনিক খবরের কাগজের হাতিয়া প্রতিনিধি মো. হানিফ উদ্দিন সাকিব।
 
জানা যায়, মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অমিত দাসের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়মের অভিযোগের সত্যতা যাচাই করতে বুধবার বিদ্যালয়ে যান ওই দুই সাংবাদিক। এ সময় তথ্য সংগ্রহ করতে গেলে তাঁদের বাধা ও হেনস্তার শিকার হতে হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অমিত দাস এর আগে হাতিয়ার লম্বরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে এক শিক্ষককে অনুপস্থিত দেখিয়ে তাঁর নামে বেতন উত্তোলনের অভিযোগে বিতর্কের মুখে পড়েন। এ ছাড়া ওই বিদ্যালয়ে মাত্র দুজন শিক্ষক কর্মরত থাকা অবস্থায় একজনকে রেখে তিনি নিয়মবহির্ভূতভাবে বদলি হয়ে মিধ্যাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন বলেও অভিযোগ রয়েছে।
 
এদিকে, তথ্য সংগ্রহে গিয়ে বাধা ও হেনস্তার ঘটনায় নিজের এবং সহকর্মীর নিরাপত্তা চেয়ে সাংবাদিক শামীমুজ্জামান শামীম হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
 
একজন শিক্ষকের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ যাচাই করতে গিয়ে সাংবাদিকদের বাধা ও হেনস্তার ঘটনায় স্থানীয় সচেতন মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্ত, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
 
অন্যদিকে, দুই সাংবাদিককে হেনস্তার ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে নোয়াখালী টিভি জার্নালিস্ট এসোসিয়েশন এবং হাতিয়া প্রেসক্লাবের সাংবাদিকগণ। তারা দ্রুত অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। 
ডেইলি-বাংলাদেশ/নোয়াখালী
ট্যাগ: Chittagong
লিংক সফলভাবে কপি হয়েছে!