ঢাকা,  বৃহস্পতিবার   ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভৈরবে শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে আহত ১০

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ২৬ নভেম্বর ২০২৬
ভৈরবে শিয়াল-কুকুর-বিড়ালের কামড়ে আহত ১০
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে এক সন্ধ্যায় শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গজারিয়া ইউনিয়নের বাঁশগাড়ি এলাকায় একটি শিয়ালের আক্রমণে পাঁচজন আহত হন। একই সময়ে পৌর শহরের বিভিন্ন এলাকায় কুকুর ও বিড়ালের কামড়ে আরও পাঁচজন আহত হন।

আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দুজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, শিয়ালের কামড়ে আহত পাঁচজন হলেন বাঁশগাড়ি এলাকার আপন মিয়া (২০), রুহান মিয়া (সাড়ে ৪), হারুন মিয়া (৭০), মামুন মিয়া (৩০) ও মোবারক হোসেন (৩৮)।

অন্যদিকে, কুকুরের কামড়ে আহত হয়েছে পৌর শহরের ভৈরবপুর এলাকার আরাফ মিয়া (৪), ঘোড়াকান্দা এলাকার আনাস মিয়া (৫), ইয়াছিন মিয়া (১১) এবং শ্রীনগর ইউনিয়নের তেয়ারিরচর এলাকার বিজয় মিয়া (১৩)। এ ছাড়া বিড়ালের কামড়ে আয়েশা বেগম (৪) নামে এক শিশু আহত হয়েছে।

শিয়ালের আক্রমণের বর্ণনা দিয়ে আহত আপন মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ একটি শিয়াল তাঁদের বাড়িতে ঢুকে প্রথমে তার মাকে আক্রমণ করে। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে গেলে শিয়ালটি তাকেও কামড়ে আহত করে। পরে বাড়ির আশপাশে থাকা আরও কয়েকজনকে আক্রমণ করে। স্থানীয় লোকজন ধাওয়া করলে শিয়ালটি পালিয়ে যায়।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহরিয়ার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ২৫ নভেম্বর রাতে শিয়াল, কুকুর ও বিড়ালের কামড়ে আহত ১০ জন চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাঁদের মধ্যে রুহান মিয়া ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিয়াল বা কুকুরের কামড়ে আক্রান্ত হলে অবহেলা করা যাবে না। দ্রুত ক্ষতস্থান সাবান ও প্রবাহমান পানি দিয়ে অন্তত ১৫ থেকে ৩০ মিনিট ভালোভাবে পরিষ্কার করতে হবে। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!