ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২৩:২২, ১৮ নভেম্বর ২০২৬
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ
ছবি- ডেইলি বাংলাদেশ

 

 পাবনা জেলা পুলিশের অক্টোবর ২০২৬ মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ। পেশাগত দক্ষতা, অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। বুধবার সকাল ১০টায় পাবনা জেলা পুলিশের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী রেঞ্জের ডিআইজি  আবু আশরাফ  তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় পুলিশ সুপার আশ্রাফ আলী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা পুলিশের দেওয়া সম্মাননা স্মারকে মনজুরুল হাসান মাসুদকে অক্টোবর মাসের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে উল্লেখ করা হয়েছে। এ স্বীকৃতিতে ফরিদপুর থানার পুলিশ সদস্যদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহলের প্রতিনিধিরাও তাকে অভিনন্দন জানিয়েছেন।

সম্মাননা পাওয়ার বিষয়ে ফরিদপুর থানার ওসি মো. মনজুরুল হাসান মাসুদ বলেন, “অপরাধী যত শক্তিশালী বা প্রভাবশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ফরিদপুর থানাকে সম্পূর্ণ অপরাধমুক্ত, মাদকমুক্ত ও নিরাপদ এলাকা হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিধানে পুলিশের এ সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।”

তিনি বলেন, এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়াতে তারা কাজ করছেন। জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে পাওয়া এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।

 উল্লেখ্য, গত ২৯ আগস্ট ফরিদপুর থানায় যোগদানের পর থেকেই অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেন ওসি মনজুরুল হাসান মাসুদ। থানা-পুলিশের একাধিক অভিযানে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার, দুর্গম চরাঞ্চল থেকে অস্ত্র ও গুলি জব্দ, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার এবং মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনা আলোচনায় এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর উত্তর থানা পাড়ার বাসিন্দা জিন্নাত ফকিরের মেয়ে মোছা. জিয়াসমিন খাতুন নিখোঁজ হন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৫৬০) করা হলে ওসির তদারকিতে তদন্ত শুরু করে পুলিশ। পরদিন ২৫ সেপ্টেম্বর নিখোঁজ ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া উপজেলার হাদল ইউনিয়নের দুর্গম চরাঞ্চলে সন্ত্রাসী তৎপরতা দমনে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি জব্দ করে পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর রাতে কুচলিয়া গ্রামে পরিচালিত ওই অভিযানে ১৫ রাউন্ড চায়না রাইফেলের গুলি, একটি চাপাতি, একটি রামদা ও তিনটি ধারালো দা উদ্ধার করা হয়। স্থানীয়দের অভিযোগ, ওই চরাঞ্চলে সর্বহারা নকশাল (লাল পতাকা) বাহিনীর সদস্যরা গুলিবর্ষণ, চাঁদাবাজি ও জলাশয় দখলের চেষ্টা চালাচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় বলে জানিয়েছে পুলিশ।

সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারেও তৎপরতা দেখিয়েছে থানা-পুলিশ। গত ২৭ সেপ্টেম্বর তিন বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি রওশন মল্লিককে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়। পরে ৬ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে ডেমড়া ও রতনপুর এলাকা থেকে সিআর অর্থজারি ও পরোয়ানাভুক্ত চার আসামি শাহ আলম, মিলন হোসেন, মাসুদ রানা ও চাঁদ আলীকে গ্রেপ্তার করা হয়।

মাদকবিরোধী অভিযানেও কয়েকটি সাফল্য পেয়েছে পুলিশ। গত ১ অক্টোবর ২০টি ইয়াবা বড়িসহ আন্তজেলা মাদক কারবারি নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। এর আগে ৫ অক্টোবর এক পুরিয়া গাঁজাসহ মোমিন প্রামাণিককে আটক করা হলে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড দেন। এ ছাড়া নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরির মামলার এজাহারভুক্ত আসামি মজিবর রহমান ও এমডি সাগরসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!