ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গভর্নরের সঙ্গে হত্যা মামলার আসামি শওকত: কী আলোচনা
জুলাই আন্দোলনের সময় হত্যার ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি ব্যবসায়ী শওকত আলী চৌধুরী বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন। বুধবার (১৮ নভেম্বর) তিনি প্রকাশ্যেই বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করে গভর্নরের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশ ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মীদের তাকে কড়া নিরাপত্তা ও প্রটোকল দিতে দেখা যায়। তবে কেন এই বৈঠক, কে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন এবং কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
বৈঠকের আগে সাংবাদিকরা হত্যা মামলা, বেনামি শেয়ার এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ২৫ মিলিয়ন ডলারের উৎস নিয়ে একের পর এক প্রশ্ন করেন। কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেননি শওকত। অপেক্ষমাণ সাংবাদিকদের এড়াতে বৈঠক শেষে তিনি বাংলাদেশ ব্যাংকের পেছনের গেট দিয়ে বেরিয়ে যান।
এদিকে, একই দিনে বিদেশে ২৫ মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শওকতের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ জন্য তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ৮ হাজার কোটি টাকা পাচারের অভিযোগেও তার বিরুদ্ধে আরেকটি তদন্ত চালাচ্ছে সংস্থাটি।
শওকত জাহাজভাঙা খাতের বিতর্কিত প্রতিষ্ঠান এস এন করপোরেশনের চেয়ারম্যান। তিনি আওয়ামী লীগঘনিষ্ঠ বিতর্কিত ব্যবসায়ী চৌধুরী নাফিজ সারাফাত এবং পতিত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের ব্যবসায়িক অংশীদার।
ঢাকার বাড্ডা থানায় ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় মাদ্রাসাশিক্ষক হাফেজ মো. মাসুদুর রহমান হত্যার ঘটনায় দায়ের করা মামলায় শওকত ৫৪ নম্বর আসামি। ২০২৪ সালের ৯ নভেম্বর মামলাটি করা হয়। এ মামলায় পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের মন্ত্রী-এমপিদেরও আসামি করা হয়েছে। মামলায় শওকতের জামিন নেওয়ার কোনো তথ্যও পাওয়া যায়নি।
এমন পরিস্থিতিতে হত্যা মামলার একজন এজাহারভুক্ত আসামি কীভাবে দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সঙ্গে সরাসরি বৈঠকের সুযোগ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
ইস্টার্ন ব্যাংকের শেয়ার নিয়ন্ত্রণে অনিয়মের অভিযোগ: বাংলাদেশ ব্যাংকের বিশেষ পরিদর্শনে শওকতের বিরুদ্ধে নিজের, পরিবারের সদস্যদের এবং বেনামি প্রতিষ্ঠানের মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ উঠে এসেছে। এ বিষয়ে গত ১৫ অক্টোবর হাইকোর্ট রুল জারি করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে শওকতের নামে-বেনামে ইস্টার্ন ব্যাংকের ২০ দশমিক ৪৮ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণের তথ্য পাওয়া গেছে। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, একজন ব্যক্তি বা তার পরিবারের সদস্যরা মিলে কোনো ব্যাংকের সর্বোচ্চ ১০ শতাংশ শেয়ার নিয়ন্ত্রণ করতে পারেন।
বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকরা শওকতের কাছে জানতে চান, আইনি সীমার বেশি শেয়ার নিয়ন্ত্রণ এবং এর মাধ্যমে বিপুল আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ সম্পর্কে তার বক্তব্য কী। কিন্তু তিনি কোনো জবাব দেননি।
যুক্তরাজ্যে ২৫ মিলিয়ন ডলারের উৎস নিয়ে প্রশ্ন: শওকতের বিরুদ্ধে বড় অভিযোগগুলোর একটি বিদেশে অর্থ রাখা নিয়ে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) তার প্রায় ২৫ মিলিয়ন ডলার শনাক্ত করে এবং অর্থটি সাময়িকভাবে আটকে রেখেছিল। পরে সেই অর্থ উদ্ধারে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে হাইকোর্ট প্রশ্ন তোলেন এবং অভিযোগ নিষ্পত্তির জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দেন। আদালতের নির্দেশনার আলোকে সম্প্রতি তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছে দুদক।
অর্থটি কীভাবে যুক্তরাজ্যে গেল, এর বৈধ উৎস কী এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে অর্থ নেওয়া হয়ে থাকলে তা কীভাবে সম্ভব হলো—এসব প্রশ্নও শওকতকে করেন সাংবাদিকরা। কিন্তু এসব প্রশ্নেরও কোনো উত্তর দেননি তিনি।
সাংবাদিকদের প্রশ্ন, শওকতের নীরবতা: বাংলাদেশ ব্যাংকে প্রবেশের সময় সাংবাদিকরা শওকতের কাছে জানতে চান, গভর্নরের সঙ্গে বৈঠকের উদ্দেশ্য কী এবং গভর্নর তাকে ডেকেছেন, নাকি তিনি নিজেই সাক্ষাতের জন্য অনুরোধ করেছিলেন।
এ ছাড়া ইস্টার্ন ব্যাংকে নামে-বেনামে ২০ শতাংশের বেশি শেয়ার নিয়ন্ত্রণের অভিযোগ, যুক্তরাজ্যে শনাক্ত ২৫ মিলিয়ন ডলারের উৎস এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া বিদেশে অর্থ নেওয়ার অভিযোগ নিয়েও তার বক্তব্য জানতে চাওয়া হয়।
হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও জামিন ছাড়া তিনি কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন, গভর্নরের সঙ্গে বৈঠকে কোনো নিয়ন্ত্রক সুবিধা নেওয়া বা অন্য কোনো বিষয়ে দেনদরবার হয়েছে কি না, সে প্রশ্নও করেন সাংবাদিকরা। রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে তার ব্যবসায়িক সম্পর্ক নিয়েও জানতে চাওয়া হয়।
কিন্তু কোনো প্রশ্নেরই উত্তর দেননি শওকত। সাংবাদিকদের এড়িয়ে তিনি ভবনের ভেতরে চলে যান। বৈঠক শেষে পেছনের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময়ও তিনি সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হননি।