ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ পাবনার অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে------রানা বিশ্বাস

পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৯, ১২ নভেম্বর ২০২৬
ঢাকার সঙ্গে সরাসরি রেল যোগাযোগ পাবনার অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে------রানা বিশ্বাস
ছবি- ডেইলি বাংলাদেশ

পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। ট্রেনে সরাসরি ঢাকা যাওয়ার জন্য পাবনার মানুষকে অপেক্ষা করতে হয়েছে প্রায় শতাব্দীকাল। আগামী ১৯ নভেম্বর পাবনা-ঢাকা রুটে সরাসরি আন্তনগর ট্রেন চলাচলের উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্যোগের মধ্য দিয়ে পাবনার যোগাযোগব্যবস্থা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা হবে।  এসব কথা বলেছেন পাবনার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, রানা গ্রুপের চেয়ারম্যান এবং সাপ্তাহিক দেশ বিবরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক রুহুল আমিন বিশ্বাস রানা।

 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের রশিদ হলের ভিআইপি মিলনায়তনে পাবনা নাগরিক কমিটির আয়োজনে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক আলোচনা সভায়   তিনি এসব কথা বলেন।

 

রানা বিশ্বাস বলেন, ‘পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণের দ্বারপ্রান্তে আমরা। আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের সার্বিক সহযোগিতায় আগামী ১৯ নভেম্বর বাস্তবে রূপ নিতে যাচ্ছে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচলের স্বপ্ন। ট্রেনে সরাসরি ঢাকা যাওয়ার জন্য পাবনাবাসীকে প্রায় শতাব্দীকাল অপেক্ষা করতে হয়েছে।  

 

তিনি আরও বলেন, ‘আগামী ১৯ নভেম্বরের উদ্বোধনী দিনটি পাবনাবাসীর জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই ট্রেন চালুর মধ্য দিয়ে জেলার যোগাযোগ, শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলবে। পাবনার অর্থনীতিতেও এর ইতিবাচক প্রভাব পড়বে। এই দিনটি পাবনাবাসী সারাজীবন মনে রাখবে।

 

উদ্বোধনী অনুষ্ঠান সফল ও স্মরণীয় করে তুলতে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও পাবনা নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু। কমিটির সাধারণ সম্পাদক বাশার খান জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন অধ্যক্ষ মাহতাব উদ্দিন বিশ্বাস, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, শহীদ সরকারি বুলবুল কলেজের অধ্যক্ষ বাহেজ উদ্দিন ।

 

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, চেম্বার অব কমার্সের হারুন অর রশিদ, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আফজাল হোসেন রাজা, মিনিবাস মালিক সমিতির সভাপতি রেহানুল ইসলাম বুলাল, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মলয় কুমার রায় ও অ্যাডভোকেট গোলাম সরোওয়ার খান জুয়েলসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।

 

 

 

ডেইলি-বাংলাদেশ/পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!