ভৈরবে সড়ক অবরোধের ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা
কিশোরগঞ্জের ভৈরবে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গত ৯ নভেম্বর ভৈরব থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর বিভিন্ন ধারায় মামলাটি করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ নভেম্বর ভৈরব থানার জিডি নম্বর ২৩৬-এর ভিত্তিতে জরুরি কিলো-৯৯ ডিউটিতে ছিল পুলিশ। রাত ৮টা ৫০ মিনিটের দিকে শম্ভুপুর রেলগেটে অবস্থানকালে পুলিশ জানতে পারে, একদল ব্যক্তি শুকনো কাপড় দিয়ে দুটি টায়ারে আগুন ধরিয়ে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) আবুল হাসান হাওলাদার পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। কালিকাপ্রসাদ ইউনিয়নের পূর্ব নয়াহাটি এলাকার বালুর মাঠে ফারুক চেয়ারম্যানের বাংলোর সামনে গিয়ে তাঁরা মহাসড়কে যানজট দেখতে পান। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলায় নাম উল্লেখ করা আসামিরা হলেন, কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া (৪৬), সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা (৪৮), প্রচার সম্পাদক মো. লতিফ মিয়া (৫৫), ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সবুজ মিয়া (৫০), সাধারণ সম্পাদক মজিবুর রহমান (৪৮), ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. মহিউদ্দিন (২৮), ঢাকা দক্ষিণ ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক জোনাঈদ বোগদাদী (২৫), ভৈরব থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কবির মিয়া (৫২), থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রোমান মিয়া (৩২), সাবেক কালিকাপ্রসাদ ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মুরাদ খা (৪৫), ইউনিয়ন যুবলীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী (৪৮), ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শামিম মিয়া (৪৫) এবং যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুদ্দুস মিয়া (৩৮)।
এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সমর্থক, অর্থদাতা, পরামর্শদাতা ও নির্দেশদাতা হিসেবে বিভিন্নভাবে সহায়তা করে আসছিলেন। তাঁদের সঙ্গে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জন নাশকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের উদ্দেশ্যে জমায়েত হয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।
মামলার বাদী এসআই আবুল হাসান হাওলাদার। ঘটনার সময় তাঁর সঙ্গে কনস্টেবল তৌফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম দায়িত্ব পালন করছিলেন।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, নাশকতা সৃষ্টিকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রাথমিক তদন্তে তাঁদের নাম-ঠিকানা পাওয়া গেছে। মামলা করা হয়েছে, তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।