ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধ প্রত্যাহার, ট্রেন চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম একই ইউনিয়নে পুনর্বহালের দাবিতে দেওয়া সড়ক ও রেলপথের অবরোধ তুলে নিয়েছেন আন্দোলনকারীরা। এতে প্রায় সোয়া পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
একই সঙ্গে সুলতানপুর-চিনাইর-আখাউড়া-আগরতলা সড়কেও ভারতগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহন চলাচল শুরু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ৬টা থেকে তিতাস সেতু ও কোড্ডা কেবিন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রামের বাসিন্দারা। এতে দেশের গুরুত্বপূর্ণ দুটি রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন গন্তব্যের যাত্রীবাহী ট্রেন আটকে পড়ে।
অবরোধের কারণে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর, সুবর্ণ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে। পরে বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারীরা সড়ক ও রেলপথ থেকে সরে যান।
স্থানীয় বাসিন্দারা জানান, চলতি বছরের মে মাসে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়ন থেকে ছয়টি গ্রাম আলাদা করে বরিশল নামে নতুন একটি ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। গ্রামগুলো হলো—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশল।
নতুন ইউনিয়নটিকে আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে। এ বিষয়ে গত ৪ জুন গেজেট প্রকাশিত হয়। আন্দোলনকারীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন একই ধরনের কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হয়েছে। এরপর তারা অবরোধ তুলে নিয়েছেন।