ঢাকা,  শুক্রবার   ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর মুচলেকা

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫৫, ৬ নভেম্বর ২০২৬
নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, ভবিষ্যতে এমন ঘটনা না ঘটানোর মুচলেকা
ভৈরবে বাল্য বিবাহ বন্ধে নির্বাহী ম্যাজিস্টেট। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ১৬ বছর ১ মাস বয়সী এক কিশোরীর বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৩টার দিকে পৌর এলাকার কালিপুর মধ্যেপাড়ায় অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক।

স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুর এলাকার বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মুর্শিদ মিয়া তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে নিজের বোনের ছেলের বিয়ে দেওয়ার উদ্যোগ নেন। টেলিফোনে উভয় পরিবারের মধ্যে যোগাযোগের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এ উপলক্ষে মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট এএইচএম আজিমুল হক। পরে কিশোরীর বয়স যাচাই করে দেখা যায়, তার বয়স ১৬ বছর ১ মাস। আইন অনুযায়ী বিয়ের নির্ধারিত বয়স না হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ১০ ধারার বিধান অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেওয়া হয়।

এ সময় মেয়ের বাবার শারীরিক প্রতিবন্ধিতার বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর প্রতিবেশী ও স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ মতি বাল্যবিবাহ বন্ধের বিষয়ে দায়িত্ব গ্রহণ করেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না মর্মে তিনি লিখিত মুচলেকা দেন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিরা নিজেদের ভুল স্বীকার করে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করলে তাঁদের কাছ থেকেও মুচলেকা নেওয়া হয়।

উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বিয়ে বন্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয় সমাজের সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!