লালমোহনে নজরুল বন্দনা, আলোচনা-সংস্কৃতিতে মুগ্ধ শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভোলার লালমোহন উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে করিমুন্নেছা হাফিজ মহিলা ডিগ্রি কলেজের উদ্যোগে কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের প্রভাষক আরিফুর রহমান শাহিন ও ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক বাশার ইবনে মোমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক। এতে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ফিরোজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনা ও সাম্যের প্রতীক। অন্যায়, শোষণ ও অসাম্যের বিরুদ্ধে তার ক্ষুরধার লেখনী যুগে যুগে মানুষকে অনুপ্রাণিত করেছে। নতুন প্রজন্মকে নজরুলের সাহিত্য, জীবনদর্শন ও আদর্শ থেকে শিক্ষা নিয়ে দেশপ্রেম, মানবিকতা ও সাম্যবোধে উদ্বুদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মিজানুর রহমান লিপু, সহকারী অধ্যাপক মো. জাহিদুল ইসলাম নোমান, প্রভাষক রেজাউল রহমান শাহিনসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, গানসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে নজরুল বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।