দুর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর ৯ দিন বন্ধ থাকবে
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দরটি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে একটানা ৯ দিন বন্ধ থাকবে। এ সময় এই বন্দরের আমদানি-রপ্তানি ও লোড-আনলোডসহ অন্য সব কার্যক্রমও বন্ধ থাকবে।
নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল জানান, ভারত ও বাংলাদেশের বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং আমদানি-রপ্তানিকারক সমিতির যৌথ সিদ্ধান্ত অনুযায়ী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দর একটানা ৯ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এতে আগামী শনিবার (১৭ অক্টোবর) থেকে রোববার (২৫ অক্টোবর) পর্যন্ত নাকুগাঁও স্থলবন্দরের লোড-আনলোড থেকে শুরু করে সকল ব্যবসায়িক কার্যক্রম বন্ধ থাকবে। পরে আগামী ২৬ অক্টোবর (সোমবার) থেকে পুরোদমে এই বন্দরে আমদানি রপ্তানি ও লোড আনলোডসহ সব কার্যক্রম শুরু হবে। তবে তিনি বলেন, আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও নাকুগাঁও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে। এ সময় প্রতিদিন এই চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্টধারীরা ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার করতে পারবেন।