ঢাকা,  বৃহস্পতিবার   ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

[ অর্থনীতি ]

আইএমএফের ঋণ পেতে শর্ত মানতে হবে: অর্থমন্ত্রী

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:১০, ১৫ অক্টোবর ২০২৬
আইএমএফের ঋণ পেতে শর্ত মানতে হবে: অর্থমন্ত্রী
সংগৃহীত ছবি

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ সহায়তা পেতে হলে নির্ধারিত কিছু শর্ত পূরণ করতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি জানান, আইএমএফের সঙ্গে নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে এবং ঋণের শর্তাবলি পূরণের পাশাপাশি বেশ কিছু নীতিগত বিষয়ে আলোচনার মাধ্যমে সমঝোতা নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) থাইল্যান্ডের ব্যাংককে আইএমএফের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্কের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নতুন ঋণ কর্মসূচির অগ্রগতি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের সঙ্গে আলোচনা অত্যন্ত ইতিবাচক দিকে এগোচ্ছে। তবে এই কর্মসূচির আওতায় ঠিক কী ধরনের শর্ত থাকবে এবং সেগুলো বাস্তবায়নের কৌশল কী হবে, তা নিয়ে আগামীতে আরও বিশদ আলোচনা হবে। উভয় পক্ষের মতামত বিবেচনায় নিয়ে সমঝোতার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও উল্লেখ করেন, দেশের ব্যাংকিং খাত সংস্কার, ট্যাক্স-জিডিপি অনুপাত বৃদ্ধি, ব্যাংকের পুনঃমূলধনীকরণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষাসহ নানা ক্ষেত্রে আইএমএফের সুনির্দিষ্ট কিছু পর্যবেক্ষণ রয়েছে। এসব পর্যবেক্ষণের সঙ্গে বাংলাদেশ সরকারও একমত। ইতিমধ্যে সরকারের গৃহীত পদক্ষেপের ফলে অনেক শর্তই পূরণ হয়েছে এবং বাকি বিষয়গুলো নিয়েও আলোচনা অব্যাহত থাকবে।

সংস্কার কার্যক্রমের বিশ্বাসযোগ্যতা সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত ও রাজস্ব আদায় বৃদ্ধির বিষয়ে যে পর্যবেক্ষণগুলো এসেছে, তাতে নীতিগত কোনো মতবিরোধ নেই। ইতোমধ্যে বেশকিছু সংস্কার কাজ শেষ হয়েছে এবং বাকিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।

বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রগতিতে আইএমএফ সন্তুষ্টি প্রকাশ করেছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, বাজেট-পরবর্তী উন্নয়ন এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতাসহ চলমান বৈশ্বিক নানা অর্থনৈতিক সংকট ও চ্যালেঞ্জ সত্ত্বেও বাংলাদেশের প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষা পাওয়ার প্রশংসা করেছে সংস্থাটি।

অর্থমন্ত্রী পুনর্ব্যক্ত করেন যে, কেবল আইএমএফ নয়, দেশের ভবিষ্যৎ অর্থনীতির চাকা আরও বেগবান ও টেকসই করতে বিশ্বব্যাংকসহ সব আন্তর্জাতিক ও বহুপাক্ষিক উন্নয়ন সহযোগী সংস্থার সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে আলোচনা ও যৌথ কাজ অব্যাহত থাকবে।

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!