ঢাকা,  রোববার   ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, ব্যাটারি খুলে ফেলে গেল চোরেরা

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪১, ১১ অক্টোবর ২০২৬
অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই, ব্যাটারি খুলে ফেলে গেল চোরেরা
উদ্ধার হওয়া অটোরিকশা বুঝে নিচ্ছেন মালিক ইয়াকুব আলী। ছবি- ডেইলি বাংলাদেশ।

শেরপুরের নালিতাবাড়ীতে যাত্রীবেশে অটোরিকশায় উঠে চালক ও মালিককে অজ্ঞান করে ছিনতাই করা অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। তবে ছিনতাইকারীরা অটোরিকশাটির পাঁচটি ব্যাটারি খুলে নিয়ে গেছে। এতে নতুন ব্যাটারি কিনতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে বলে জানিয়েছেন মালিক মো. ইয়াকুব আলী (৪৫)।

রোববার (১১ অক্টোবর) দুপুরে নালিতাবাড়ী পৌরশহরের অদূরে কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে অটোরিকশাটি ফিরে পান তিনি। এর আগে শনিবার দুপুরে পৌরশহরের গড়কান্দা মহল্লায় হাবুল দত্তের রাইস মিলের পাশে নালিতাবাড়ী-নয়াবিল মহাসড়কের কাছ থেকে অটোরিকশাটি ছিনতাই হয়।

ইয়াকুব আলী উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের শেকেরকুড়া গ্রামের বাসিন্দা। তিনি জানান, শনিবার দুপুরে পৌরশহরের গড়কান্দা হাসপাতাল মোড় থেকে নয়াবিল যাওয়ার কথা বলে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তার অটোরিকশায় ওঠেন। রিকশাটি গড়কান্দা মহল্লায় হাবুল দত্তের রাইস মিলের পাশে পৌঁছালে ওই ব্যক্তি তার নাকের কাছে একটি গামছা চেপে ধরেন। এতে তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এই সুযোগে ওই ব্যক্তি অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

প্রায় ২০ মিনিট পর জ্ঞান ফিরে পেয়ে নিজের অটোরিকশাটি খুঁজতে শুরু করেন ইয়াকুব। কিন্তু কোথাও না পেয়ে সেটি ফিরে পাওয়ার আশায় ‘নালিতাবাড়ী হেল্পলাইন’ নামের একটি ফেসবুক পেজে অটোরিকশা হারানোর বিষয়ে পোস্ট দেওয়া হয়।

পোস্ট দেওয়ার পর ছিনতাইকারীরা অটোরিকশাটির ১২ ভোল্টের পাঁচটি ব্যাটারি খুলে নিয়ে যায়। পরে অটোরিকশাটি কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ফেলে রেখে যায় তারা। একপর্যায়ে স্থানীয় লোকজন পরিত্যক্ত অবস্থায় অটোরিকশাটি দেখতে পান। পরে রোববার দুপুরে ইয়াকুব সেখানে গিয়ে নিজের অটোরিকশাটি শনাক্ত করেন এবং সেটি বুঝে নেন।

ইয়াকুব আলী বলেন, ছিনতাইকারীরা অটোরিকশার পাঁচটি ব্যাটারিই খুলে নিয়ে গেছে। এখন গাড়িটি চালু করতে নতুন ব্যাটারি লাগাতে হবে। এতে প্রায় ৮০ থেকে ৯০ হাজার টাকা খরচ হবে, যা তার পক্ষে বহন করা খুবই কষ্টকর।

এ ধরনের ঘটনা এড়াতে অটোরিকশাচালকদের যাত্রী পরিবহনের ক্ষেত্রে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/নালিতাবাড়ী/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!