ঢাকা,  শনিবার   ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

নিজের দলের কেউ অন্যায় করলেও সাংবাদিকদের লেখার আহ্বান এমপি রুমার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:০৩, ১০ অক্টোবর ২০২৬
নিজের দলের কেউ অন্যায় করলেও সাংবাদিকদের লেখার আহ্বান এমপি রুমার
পাবনার চাটমোহরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার চাটমোহরে সাংবাদিকদের নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ ও গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা। তিনি বলেছেন, নিজের দলের কেউ অন্যায় বা খারাপ কাজ করলেও সাংবাদিকদের তার বিরুদ্ধে লিখতে হবে। এমনকি তিনি নিজে অন্যায় করলেও তা প্রকাশ করার আহ্বান জানান, যাতে নিজের ভুল সংশোধন করতে পারেন।

শনিবার বেলা ১১টায় পাবনার চাটমোহর মিলনায়তনে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

এমপি আরিফা সুলতানা রুমা বলেন, ‘একজন খারাপ হলেও ৯৯ জন ভালো। আমি সব সময় ভালোর পক্ষে এবং সমাজের অন্যায় ও খারাপের বিপক্ষে। নিজ দলের মধ্যেও যদি কেউ খারাপ কাজ করে, আপনারা তাদের বিরুদ্ধে লিখবেন। এমনকি আমি নিজে কোনো অন্যায় করলেও নির্দ্বিধায় লিখবেন, যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি। লেখালেখিতে আপনারা সম্পূর্ণ স্বাধীন। নির্ভয়ে গঠনমূলক সমালোচনা করবেন।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সরকারপ্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানের গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপগুলো লেখনীর মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। তার নাম ভাঙিয়ে কেউ দুর্নীতি বা অন্যায় করলে তথ্য পাওয়ামাত্রই কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের জীবনযাপন ও রাষ্ট্রীয় ব্যয় সংকোচনের উদ্যোগের কথা তুলে ধরে আরিফা সুলতানা রুমা বলেন, দেশের মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী সাদামাটা জীবনযাপন করছেন এবং রাষ্ট্রীয় ব্যয় কমাতে সচেষ্ট রয়েছেন।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তিনি বলেন, চার মাসের দায়িত্ব পালনকালে একাধিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে এসব প্রকল্পের সুফল দৃশ্যমান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উন্নয়ন পরিকল্পনার মধ্যে রয়েছে চাটমোহর রেলস্টেশনকে মডেল স্টেশনে রূপান্তর, দুটি নতুন আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা, যাত্রীদের জন্য টিকিট বরাদ্দ বৃদ্ধি, তিন উপজেলায় তিনটি খেলার মাঠ নির্মাণ এবং বড়াল ব্রিজের ওপর জরাজীর্ণ লোহার বেইলি সেতুর পরিবর্তে নতুন সেতু নির্মাণ। পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের সহযোগিতায় এসব প্রকল্পের বরাদ্দ পাওয়া গেছে বলে জানান তিনি।

মাদকের বিরুদ্ধে সরকারের শূন্য সহনশীলতার নীতির কথা উল্লেখ করে সংসদ সদস্য সাংবাদিকদের নিজ নিজ এলাকার মাদক কারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের আহ্বান জানান। প্রশাসনের সহযোগিতায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দৃঢ় প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় বক্তব্য দেন পাবনা প্রেসক্লাবের সভাপতি এবং যুগান্তর ও চ্যানেল আইয়ের সাংবাদিক আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক ও আমার দেশ-এর স্টাফ রিপোর্টার জহুরুল ইসলাম, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি ও আমার দেশ-এর প্রতিনিধি রকিবুর রহমান টুকুন, সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক-এর প্রতিনিধি হেলালুর রহমান জুয়েল, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি ও ইত্তেফাক-এর প্রতিনিধি মাহবুবুল আলম বাবলু, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল বাসিত, চাটমোহর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সঞ্জিত সাহা কিংশুক, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংবাদিক বিকাশ চন্দ্র, বিপ্লব আচার্য ও জিয়াউর রহমান পিপুল প্রমুখ।

এ সময় বিএনপি নেতা অধ্যক্ষ মাহমুদুল আলম মাহমুদ, এ এম জাকারিয়া, অ্যাডভোকেট সাইদুর রহমান, মিজানুর রহমান মজনু, ইয়াসিন আলী, গোলজার হোসেন, জাকির হোসেন, যুবদল নেতা গোলজার হোসেন এবং ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় সাংবাদিকরা বলেন, সাংবাদিকরা কারও প্রতিপক্ষ নন। তারা সমাজে ঘটে যাওয়া ঘটনার বস্তুনিষ্ঠ তথ্য তুলে ধরেন। এসব সংবাদে কোনো ভুল বা অনিয়ম উঠে এলে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা তা সংশোধন করে রাষ্ট্র পরিচালনায় ভূমিকা রাখবেন, এটাই প্রত্যাশা।

তারা আরও বলেন, অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের পর ক্ষুব্ধ হয়ে সাংবাদিকদের ওপর হামলা বা মামলা করার ঘটনা অত্যন্ত দুঃখজনক। পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা না দিতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের প্রতি আহ্বান জানান তারা।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!