বোরহানউদ্দিনে অস্ত্রের মুখে প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণ লুটের অভিযোগ
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় এক প্রবাসীর বসতঘরে ঢুকে তার স্ত্রীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে প্রবাসী ওয়ালিউল্লাহর বসতঘরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওয়ালিউল্লাহর স্ত্রী আছমা বেগম। সকালে রান্নাঘরের পেছনে যাওয়ার সময় তিনি মুখোশ পরা এক ব্যক্তিকে ঘরের এক কোণে বসে থাকতে দেখেন। পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি কোনো উত্তর না দিয়ে তার পিছু নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করেন।
আছমা বেগম বলেন, ঘরে ঢুকে ওই ব্যক্তি এদিক-সেদিক ছোটাছুটি করতে থাকেন। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন। একপর্যায়ে ওই ব্যক্তি ছুরি বের করে তার গলায় ধরে জিম্মি করেন। পরে ঘরে থাকা প্রায় ৫ ভরি ওজনের স্বর্ণালংকার এবং নগদ ১ হাজার টাকা নিয়ে পালিয়ে যান।
তিনি আরও জানান, ঘটনার সময় তিনি ভয়ে চিৎকার করতে পারেননি। দিনের বেলায় বসতঘরে ঢুকে এভাবে অস্ত্রের ভয় দেখিয়ে লুটের ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন।
আছমা বেগমের জামাতা নাঈম বলেন, দিনের বেলায় আশপাশে লোকজন থাকা সত্ত্বেও একজন নারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘর থেকে স্বর্ণ ও টাকা নিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগজনক। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাই।
এদিকে দিনের বেলায় বসতঘরে ঢুকে অস্ত্রের মুখে লুটের অভিযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ভুক্তভোগী পরিবার জানিয়েছে, এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।