দৌলতদিয়া যৌনপল্লীতে অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধ হচ্ছেন যৌনকর্মীরা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে মাদক কারবার, ছিনতাই, অপমৃত্যুসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছেন যৌনকর্মীরা। এসব অপরাধ দমনে উপজেলা প্রশাসনকে সহযোগিতা করারও আশ্বাস দিয়েছেন তারা। একই সঙ্গে তাদের উদ্যোগের পাশে থেকে প্রয়োজনীয় সামাজিক ও আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।
বুধবার (৭ অক্টোবর) দুপুর সাড়ে ১২টা থেকে প্রায় দুই ঘণ্টা দৌলতদিয়া যৌনপল্লী ও আশপাশের ‘পুরা ভিটা’ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান।
অভিযান চলাকালে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. তোফাজ্জল হোসেন (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি মানিকগঞ্জ জেলার বাকুনটিয়া গ্রামের দেলবার প্রধানের ছেলে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত দণ্ড ভোগের আদেশ দেওয়া হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান বলেন, দৌলতদিয়া ফেরিঘাট থেকে যাত্রীদের রিকশায় করে যৌনপল্লীর আশপাশে নিয়ে গিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে। এ ছাড়া যৌনপল্লীর ভেতরে অপমৃত্যু, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড এবং মাদক কারবারিদের তৎপরতা নিয়েও অভিযোগ পাওয়া গেছে।
তিনি বলেন, এসব অপরাধ প্রতিরোধে এখন থেকে যৌনকর্মীরা সম্মিলিতভাবে প্রতিবাদ করবেন এবং প্রশাসনকে সহযোগিতা করবেন। যৌনপল্লীর অভ্যন্তরে অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে গোয়ালন্দ উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।
মো. মুনতাসির হাসান খান আরও বলেন, যৌনকর্মীদের সামাজিক ও আইনি সুরক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।
এ সময় অবহেলা মহিলা সংস্থার সভানেত্রী ফরিদা পারভীনসহ শতাধিক যৌনকর্মী উপস্থিত ছিলেন।