টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামির যাবজ্জীবন
টাঙ্গাইলে ধর্ষণ মামলায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও তিন বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে টাঙ্গাইলের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ব্রাহ্মণবাড়ী গ্রামের নজরুল ইসলামের ছেলে আরিফ (২৩) ও একই গ্রামের আয়নালের ছেলে রুবেল (২৩)।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, পরিবারের অমতে ভুক্তভোগী তার প্রেমিককে বিয়ে করেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর মধ্যরাতে স্বামীর সঙ্গে বাড়ির বাইরে দেখা করতে গেলে আসামিরা তার স্বামীকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়।
ঘটনার ছয় দিন পর ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মধুপুর থানায় মামলা করেন। ওই বছরের ১৪ নভেম্বর মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করে পুলিশ।
মামলার বিচার শেষে বুধবার আদালত দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও তিন বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মো. রোকুনুজ্জামান। আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট হারাধন চন্দ্র সিংহ।