নারীর কান থেকে স্বর্ণের দুল নিয়ে উধাও প্রতারক চক্র
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে এক নারীর কাছ থেকে পরিবারের বিভিন্ন তথ্য নেওয়ার পর ছবি তোলার কৌশলে কান থেকে স্বর্ণের দুল টেনে নিয়ে পালিয়েছে দুই যুবক। মঙ্গলবার বিকেলে উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রোশনা বেগম (৪০) ওই গ্রামের মজিবল মোসলমানের স্ত্রী।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে কালো রঙের একটি হিরো মোটরসাইকেলে করে দুই যুবক রোশনা বেগমের বাড়ির সামনে যান। এ সময় তারা নিজেদের সরকারি ফ্যামিলি কার্ড করে দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তি হিসেবে পরিচয় দেয়। একপর্যায়ে তারা বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার পরিবারের সদস্যদের নানা তথ্য সংগ্রহ করে।
পরে ‘লাইভ ভেরিফিকেশনের’ জন্য ছবি তুলতে হবে বলে ওই নারীকে মোবাইলের ক্যামেরার দিকে তাকাতে বলেন তারা। রোশনা বেগম ক্যামেরার দিকে তাকানোর সুযোগে দুই যুবকের একজন তার কান থেকে স্বর্ণের দুল টেনে নেয়। বিষয়টি বুঝে ওঠার আগেই ওই দুই যুবক মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সরকারি সহায়তা ও সুবিধা দেওয়ার কথা বলে প্রতারণার কৌশল ব্যবহার করছে একটি চক্র। এতে গ্রামের সহজ-সরল মানুষ প্রতারিত হওয়ার আশঙ্কায় রয়েছেন।
স্থানীয় ইউপি সদস্য মো. সেলিম সিকদার বলেন, ঘটনার কথা আমি শুনেছি। বর্তমানে এলাকায় প্রতারক চক্রের তৎপরতা বেড়েছে। তারা বিভিন্নভাবে গ্রামের সহজ-সরল মানুষকে প্রতারণার ফাঁদে ফেলছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানিয়েছেন তিনি।