হবিগঞ্জে ছেলের হাতে বাবা নিহত
হবিগঞ্জের আজমিরীগঞ্জে ছেলের হাতে শাহাবুদ্দিন মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার শিবপাশা ইউনিয়নের আঞ্জাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে ইয়াফিন মিয়া (২১)কে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাহাবুদ্দিন মিয়ার ছয় ছেলে ও এক মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। তার চতুর্থ ছেলে ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন ও মাদকাসক্ত বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
মঙ্গলবার দুপুরে পরিবারের অন্য সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। এ সময় ইয়াফিন তার বাবার শোবার ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই শাহাবুদ্দিনের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
পরে নিহতের বড় ছেলে ঘরে ঢুকে বাবাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে অভিযান চালিয়ে শিবপাশা বাজার থেকে ইয়াফিনকে আটক করা হয়।
স্থানীয় ইউপি সদস্য জয়নাল মিয়া বলেন, ইয়াফিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
আজমিরীগঞ্জ থানার ওসি (তদন্ত) বিশ্বজিৎ পাল বলেন, ‘নিহত শাহাবুদ্দিন মিয়ার স্ত্রীর সঙ্গে কথা বলে জানা গেছে, তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার ছেলে ইয়াফিন প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্যহীন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় ইয়াফিনকে আটক করা হয়েছে।’