গুইমারায় কাঠ ব্যবসায়ীকে পিটিয়ে আহত করার অভিযোগ
খাগড়াছড়ির গুইমারায় আমজাদ হোসেন (৩৯) নামে এক কাঠ ব্যবসায়ীকে মারধর করে আহত এবং তার কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে উপজেলার কবুতরছড়া স-মিল এলাকায় এ ঘটনা ঘটে। আহত আমজাদ হোসেন মাটিরাঙ্গা পৌরসভার দক্ষিণ মুসলিমপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে।
আমজাদের অভিযোগ, ঘটনার সময় তিনি কবুতরছড়া স-মিলের পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় ইউপিডিএফের কালেক্টর হিসেবে পরিচিত ব্রিটিশ ত্রিপুরা সেখানে এসে প্রথমে ১০০ টাকা চান। তিনি ওই টাকা দেওয়ার পর কিছুক্ষণ পর আবার এসে ৫ হাজার টাকা দাবি করেন।
.png)
আমজাদ জানান, তিনি ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। একপর্যায়ে তার কাছ থেকে নগদ সাড়ে ৯ হাজার টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন নিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। মারধরের পর তিনি অচেতন হয়ে রাস্তায় পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
মাটিরাঙ্গা হাসপাতালে চিকিৎসাধীন আমজাদের শারীরিক অবস্থা সম্পর্কে কর্তব্যরত চিকিৎসক সাকিব বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে। তবে আপাতত তিনি শঙ্কামুক্ত রয়েছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাওয়ার্দী বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।