ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোগীর জীবন-মর্যাদা রক্ষার শপথ নিলেন নতুন ইন্টার্ন চিকিৎসকেরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৩৩, ৩ অক্টোবর ২০২৬
রোগীর জীবন-মর্যাদা রক্ষার শপথ নিলেন নতুন ইন্টার্ন চিকিৎসকেরা
শপথ নিলেন নতুন ইন্টার্ন চিকিৎসকেরা। ছবি: ডেইলি বাংলাদেশ

রোগীর জীবন ও নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, রোগীর মর্যাদা ও গোপনীয়তা রক্ষা এবং মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা সমুন্নত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে ২০২৬ সালের ইন্টার্ন চিকিৎসকদের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় কলেজের লেকচার গ্যালারি-১-এ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নতুন ইন্টার্ন চিকিৎসকদের চিকিৎসা পেশার দায়িত্ব, রোগীর অধিকার, নৈতিকতা ও মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ পর্বে ইন্টার্ন চিকিৎসকেরা ‘চিকিৎসা নীতিশাস্ত্রের ঘোষণাপত্র’ পাঠ করে মানবজাতির সেবায় নিজেদের জীবন উৎসর্গ করার পাশাপাশি রোগীর স্বাস্থ্য ও মঙ্গলকে সর্বাগ্রে বিবেচনা করার অঙ্গীকার করেন।

Advertisement

তারা রোগীর বয়স, ধর্ম, জাতিগত পরিচয়, লিঙ্গ, জাতীয়তা, রাজনৈতিক সংশ্লিষ্টতা, সামাজিক অবস্থানসহ কোনো বিষয়কে পেশাগত দায়িত্ব পালনে বাধা হতে না দেওয়ার প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে রোগীর গোপনীয়তা রক্ষা, মানবাধিকারের প্রতি সম্মান এবং সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা দেওয়ার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও এক্সিকিউটিভ কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, অধ্যাপক ডা. জোবাইদা সুলতানা পিন্ডপাল, ডা. মোহাম্মদ আলী আকবর পোলান, ডা. মো. আমিনুল ইসলাম ও ডা. কামরুল ইসলাম কামাল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) ও ইন্টার্ন কো-অর্ডিনেটর ডা. মোহাম্মদ খলিলুর রহমান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান।

বক্তারা বলেন, ইন্টার্নশিপ চিকিৎসকদের পেশাগত জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। এ সময়ে চিকিৎসাবিজ্ঞানের জ্ঞান বাস্তব রোগীর চিকিৎসায় প্রয়োগের পাশাপাশি মানবিক আচরণ, দায়িত্ববোধ ও পেশাগত নৈতিকতা অর্জনের সুযোগ তৈরি হয়। তাই রোগীর আস্থা, মর্যাদা ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানবিক ও নীতিনিষ্ঠ চিকিৎসক হিসেবে নিজেদের গড়ে তুলতে নতুন ইন্টার্নদের প্রতি আহ্বান জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর/জেডআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!