পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে ডেকে এনে টাকা আদায়, ৪ নারী আটক
চাঁদপুরে পুলিশ পরিচয়ে এক গাড়িচালককে ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর এবং এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় ভুক্তভোগী সাইফুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে দুই ব্যক্তি পুলিশ পরিচয়ে সাইফুল ইসলামের পথরোধ করেন। পরে তাকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়।
.png)
অভিযোগে বলা হয়েছে, সেখানে নেওয়ার পর সাইফুলকে মারধর করা হয়। পরে জোর করে এক নারীর সঙ্গে তার ছবি ও ভিডিও ধারণ করা হয়। এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়।
একপর্যায়ে সাইফুলের কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তার কাছে থাকা নগদ ১২ হাজার টাকা নেওয়া হয়।
আটক থাকা অবস্থায় কৌশলে এক স্বজনকে ফোন করে বিষয়টি জানান সাইফুল। পরে স্বজনের কাছ থেকে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। এ সময় চার নারীকে আটক করা হয়। তবে পুলিশের অভিযানের সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
ওসি ফয়েজ আহমেদ বলেন, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
তিনি আরও বলেন, আটক চার নারীকে আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং তারা এর আগে এ ধরনের ঘটনা ঘটিয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।