ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহৃত, চার দিনেও সন্ধান নেই

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৫, ৩০ সেপ্টেম্বর ২০২৬
সুন্দরবনে দুই দিনে ২১ জেলে অপহৃত, চার দিনেও সন্ধান নেই
পূর্ব সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তায় টহল জোরদার করেছে কোস্ট গার্ড ও বন বিভাগ। ছবি: ডেইলি বাংলাদেশ

পূর্ব সুন্দরবনে দুই দিনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিনেও কোনো সন্ধান মেলেনি। অপহৃতরা কোথায় বা কী অবস্থায় রয়েছেন, সে বিষয়েও নিশ্চিত তথ্য দিতে পারেনি সংশ্লিষ্টরা। এতে জেলেদের পরিবার ও মাছের মহাজনদের মধ্যে উদ্বেগ বাড়ার পাশাপাশি সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যেও দস্যু আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অপহৃত জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্ট গার্ড। দস্যু ও জেলেদের অবস্থান শনাক্তে সুন্দরবনের আকাশে ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নৌপথে একাধিক দল নিয়ে চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করেছে বন বিভাগও।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন বলেন, সরকারের নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ড জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে অপহৃত ২১ জেলেকে উদ্ধারে অভিযান চলছে। দস্যুদের অবস্থান শনাক্তে ড্রোন ব্যবহারের পাশাপাশি নৌপথে চিরুনি অভিযান চালানো হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জেলেদের উদ্ধার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Advertisement

কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত শুক্র ও শনিবার রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়বাড়িয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকায় মাছ ধরতে থাকা জেলেদের ওপর হামলা চালায় বনদস্যুরা। পৃথক ঘটনায় তিনটি দস্যুদলের সদস্যরা ২১ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে বলে অভিযোগ রয়েছে। এ সময় একটি মাছ ধরার ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল লুট করা হয়।

সূত্র জানায়, শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে সাগরসংলগ্ন ভাঙ্গা, আমড়বাড়িয়া ও নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরারত জেলেদের বহরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় দস্যুরা। তারা বিভিন্ন নৌযান থেকে একজন করে মোট ১৫ জেলেকে তুলে একটি ট্রলারে নিয়ে যায়। এর আগে শুক্রবার পৃথক ঘটনায় আরও ছয় জেলেকে অপহরণ করা হয়। সব মিলিয়ে দুই দিনে অপহৃত জেলের সংখ্যা দাঁড়ায় ২১ জনে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় বলেন, শনিবার রাতে সাগরসংলগ্ন এলাকায় মাছ ধরতে থাকা জেলেদের বহরে হামলা চালিয়ে ১৫ জনকে অপহরণ করে দস্যুরা। অপহৃতদের মধ্যে ১০ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন আরিফ (২৫), সগীর (৩৪), মিঠু (৩০), ফেরদাউস (২৮), ইব্রাহিম (৩৫), ইমরান (২৫), মোস্তাফিজুর (৩৫), আলামিন (২৮), হানিফ (৩৮) ও মারুফ (৪৯)। তাদের মধ্যে প্রথম চারজনের বাড়ি খুলনায় বলে জানা গেছে।

শরণখোলা এলাকার কয়েকজন জেলে ও মহাজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দিনে ২১ জেলে অপহরণের ঘটনায় সুন্দরবনে মাছ ধরতে যাওয়া জেলেদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একই সঙ্গে মৎস্য ব্যবসায়ীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অপহৃতদের দ্রুত উদ্ধার এবং দস্যুদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, শুক্র ও শনিবার দুই দিনে ২১ জেলেকে বনদস্যুরা অপহরণ করেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কোস্ট গার্ডকেও অবহিত করা হয়েছে। বনদস্যুদের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি বলেন, সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে এবং বন কার্যালয়ের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে। পাশাপাশি তাদের নিরাপত্তায় বন বিভাগের স্টেশন ও টহল ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের টহল বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!