ধর্ষণে ৫ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, বৃদ্ধের বিরুদ্ধে মামলা
কুড়িগ্রামের চিলমারীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী এক বৃদ্ধের বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ মামলার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তির নাম মতিবর ফকির। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। স্বাস্থ্য পরীক্ষায় জানা যায়, কিশোরী প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
পরিবারের অভিযোগ, বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে ঘটনা মীমাংসার চেষ্টা করেন। তারা আইনি পদক্ষেপ না নিতেও পরিবারকে চাপ দেন বলে অভিযোগ করা হয়েছে।
.png)
কিশোরীর মামা বলেন, আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা বিষয়টি ধামাচাপা দিতে বা বিচারে বাধা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক।
ঢুষমারা থানার ওসি এম আর সাঈদ বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। কিশোরীর মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।