ঢাকা,  রোববার   ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে সেতুর পাশে তরুণ-তরুণীকে ছুরিকাঘাত, মোবাইল ফোন-টাকা ছিনতাই

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১০:২৮, ২৭ সেপ্টেম্বর ২০২৬
ভৈরবে সেতুর পাশে তরুণ-তরুণীকে ছুরিকাঘাত, মোবাইল ফোন-টাকা ছিনতাই
ভৈরব থানা। ছবি ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের ভৈরবে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিশাল মিয়া (২২) ও রহিমা বেগম (২০) নামে দুই তরুণ-তরুণী আহত হয়েছেন। এ সময় তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। গুরুতর আহত বিশালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিশাল মিয়া ভৈরব পৌর শহরের চণ্ডীবের এলাকার বাসিন্দা। হাসপাতালের নথিতে তার বাবার নাম মোয়াজ্জেম এবং ঠিকানা চণ্ডীবের উল্লেখ করা হয়েছে। পরে খোঁজ নিয়ে জানা যায়, তিনি চণ্ডীবের এলাকার সহিদ মিয়ার বাড়ির ভাড়াটিয়া। আহত রহিমা বেগমের ঠিকানাও ভৈরব বলে জানা গেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় মেঘনা নদীর ত্রি-সেতু এলাকায় ঘুরতে যান বিশাল ও রহিমা। পরে বাড়ি ফেরার পথে সৈয়দ নজরুল ইসলাম সেতুর পাশ দিয়ে হাঁটার সময় কিছুটা এগিয়ে গেলে গরুর বাজার এলাকার দুই ব্যক্তি তাদের পথরোধ করে।

একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বিশালের বাম উরুতে আঘাত করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। তার সঙ্গে থাকা রহিমার কাঁধেও ছুরিকাঘাত করা হয়। পরে তাদের সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

আহত দুজনের চিৎকার শুনে পথচারী ও স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা বিশালের অতিরিক্ত রক্তক্ষরণ দেখতে পান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢামেকে পাঠানো হয়। রহিমাকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা আরমান মিয়া বলেন, মেঘনা ব্রিজ এলাকা ভৈরবের একটি পরিচিত ঘোরার জায়গা। তবে নির্জন অংশে ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক রয়েছে। তিনি ওই এলাকায় নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।

মেঘনা ব্রিজ এলাকার কফি হাউজের মালিক ফারুক মিয়া বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে আহত দুজনকে উদ্ধারে সহায়তা করেন। বিশালের পায়ে গুরুতর আঘাত ছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। পরে গামছা দিয়ে তার পায়ে চাপ দিয়ে স্থানীয়দের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হয়।

ভৈরব থানার ওসি মাহবুবুর রহমান বলেন, লোকমাধ্যমে ছিনতাইয়ের ঘটনা ও দুজন আহত হওয়ার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালেও খোঁজ নেওয়া হয়েছে। আহত তরুণকে চিকিৎসক ঢাকায় রেফার করেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/ভৈরব/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!