ঢাকা,  শনিবার   ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টা, ছুরিকাঘাত করে পালাল মুখোশধারীরা

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:১০, ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টা, ছুরিকাঘাত করে পালাল মুখোশধারীরা
মাদরাসা ছাত্র মো. তাহসীন, সংগৃহীত ছবি।

‎ভোলার চরফ্যাশন উপজেলায় প্রকাশ্যে এক মাদরাসা ছাত্রকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ায় ওই ছাত্রকে ছুরিকাঘাত করে আহত করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। পরে স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে একটি মাইক্রোবাসে করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, শুক্রবার বিকেলে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টার মহল্লা এলাকার বাসিন্দা ও মাদরাসার সহকারী অধ্যাপক মিজানুর রহমানের ছেলে হাফেজ মো. তাহসীন মাদরাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। ফাতেমা মতিন মহিলা কলেজের পূর্ব পাশের খালপাড় সড়কে পৌঁছালে একটি মাইক্রোবাস থেকে তিনজন মুখোশধারী যুবক নেমে তার পথরোধ করেন।
‎
‎এ সময় তারা একটি কাগজের টুকরো দেখিয়ে তাহসীনের কাছে একটি ঠিকানা জানতে চান। একপর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই নেশাজাতীয় পদার্থ মেশানো রুমাল দিয়ে তার মুখ চেপে ধরার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। তাহসীন এতে বাধা দিলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করেন। পরে আত্মরক্ষার চেষ্টা করে সে এক যুবকের হাতে কামড় দিয়ে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে যান। লোকজন দেখে দুর্বৃত্তরা দ্রুত মাইক্রোবাসে উঠে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ‎পরে স্থানীয়রা তাহসীনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
‎
‎তাহসীনের বাবা মো. মিজানুর রহমান বলেন, প্রকাশ্য আমার ছেলেকে অপহরণের চেষ্টা করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য যাচাই করে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানাই।
‎
এ বিষয়ে ‎চরফ্যাশন থানার ওসি (তদন্ত) খলিলুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!