পোস্টারকাণ্ডের এক মাস পর শ্রীপুরে ইউপি প্রশাসক পরিবর্তন
গাজীপুরের শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক পরিবর্তন করা হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলমকে প্রশাসকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের শ্রীপুরের সহকারী প্রকৌশলী এ. এম. নাজমুল আমিনকে নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ধারার বিধান অনুযায়ী গাজীপুর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা নতুন প্রশাসকের কাছে অর্পণ করা হয়েছে। জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
সোমবার দুপুরে নতুন প্রশাসক এ. এম. নাজমুল আমিন দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব নেওয়ার পর পরিষদের আর্থিক ও প্রশাসনিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘মাত্র দায়িত্ব নিলাম।’
.png)
এক মাস আগে পোস্টার নিয়ে আলোচনা
এর আগে গত ২৩ আগস্ট গাজীপুর ইউনিয়ন পরিষদ ভবন ও গাজীপুর বাজারের বিভিন্ন স্থাপনায় প্রশাসক মো. মাহবুব আলম এবং সংরক্ষিত নারী সদস্য কামরুন্নাহার চন্দনার ছবি সংবলিত পোস্টার লাগানো হয়। পোস্টারে তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিভিন্ন অভিযোগ তোলা হলেও সেসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উল্লেখ করা হয়নি।
ওই সময় মাহবুব আলম ও কামরুন্নাহার চন্দনা অভিযোগগুলো অস্বীকার করে ঘটনাটিকে অপপ্রচার ও ষড়যন্ত্র বলে দাবি করেন।
তবে প্রশাসক পরিবর্তনের সরকারি আদেশে পোস্টারকাণ্ডের কোনো উল্লেখ নেই। শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞা বলেন, মাহবুব আলমকে অন্য উপজেলায় বদলির আদেশ হওয়ায় তার পরিবর্তে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। পোস্টারকাণ্ডের কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়নি।
তিনি আরও জানান, পোস্টারকাণ্ডের বিষয়ে কোনো তদন্তও সম্পন্ন হয়নি।
সাবেক প্রশাসক মাহবুব আলমও বলেন, পোস্টারকাণ্ডের সঙ্গে তাকে প্রশাসকের পদ থেকে অব্যাহতির কোনো সম্পর্ক নেই। অন্য উপজেলায় তার বদলির আদেশের পরিপ্রেক্ষিতেই নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।