করিমগঞ্জে নৌকা থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ
কিশোরগঞ্জের করিমগঞ্জে নৌকাযোগে বাড়ি ফেরার পথে নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চামড়াঘাট এলাকার নাগচিন্নি নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ রেজওয়ান আহমেদ শুভ (২৬) সুতারপাড়া ইউনিয়নের সাগুলী গ্রামের শহীদুল ইসলামের ছেলে।
স্থানীয় বাসিন্দা মুহাম্মদ আবদুল্লাহ জানান, আজ বিকেলে চামড়াঘাট থেকে বাড়ি যাওয়ার জন্য একটি নৌকায় উঠেন শুভ। নৌকাটি কিছুদূর এগোতেই আরেকটি নৌকার সঙ্গে ধাক্কা লাগে। এতে শুভ নদীতে পড়ে যান। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে খোঁজাখুঁজি করলেও রাত পর্যন্ত তার সন্ধান মেলেনি।
.png)
পরিবারের সদস্যরা জানান, শুভ প্রতিদিনের মতো শুক্রবারও বাড়ি থেকে বাবা ও দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে নিয়ামতপুর বাজারে যান। খাবার পৌঁছে দিয়ে বিকেলে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। তার বাবা শহীদুল ইসলামের নিয়ামতপুর বাজারে একটি টেইলার্সের দোকান রয়েছে।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেছে।